বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২৬ মে ২০২৫ ১৭:৩৮ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার, উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। দাবি না মানলে রেজিস্ট্রার ভবন তালা দেওয়াসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা।
সোমবার (২৬ মে) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ নেতাকর্মীরা হাকিম চত্বরে অবস্থান নেন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ভিসি অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
এসময় নেতাকর্মীরা ‘সাম্যের রক্ত বৃথা যেতে দিব না, ছাত্রদলের রক্ত বৃথা যেতে দেব না’, ‘সাম্য হত্যার বিচার চাই’, ‘উই ওয়ান্ট উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস’, ‘১৩ দিন হয়ে গেল ভিসি কিছু জানে না’ ইত্যাদি স্লোগান দেন।
বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘আজ ১৩ দিন হয়ে গেল কিন্তু সাম্য হত্যার কোনো সুরাহা হলো না। গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ছিল শাহরিয়ার আলম সাম্য।গণঅভ্যুত্থানের পরবর্তী সময় থেকে গঠিত এই প্রশাসন ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই প্রশাসনের ৯ মাসে ক্যাম্পাসে তোফাজ্জল হত্যা, ফ্যাসিস্টের মোটিফ পোড়ানোসহ অনেক ঘটনা আমরা দেখতে পেয়েছি। কিন্তু এসব অপরাধীদের ধরে কোনো রকম দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারেনাই এই প্রশাসন।’
উপাচার্য ‘ফাদার অব মবোক্রেসি’ ও প্রক্টর ‘মবস্টার’ মন্তব্য করে তিনি বলে, ‘দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য। এই ভিসি ও প্রক্টর একটা নির্দিষ্ট গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করছে। আমরা বলে দিতে চাই শিক্ষক সম্মানের জায়গা, তাই আপনারা সম্মানের সহিত পদত্যাগ করুন। না হলে এই রেজিস্ট্রার বিল্ডিং তালাসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’
সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ‘৩১২ ঘণ্টা হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত সঠিক কোনো তদন্ত প্রকাশ করতে পারেনি। ছাত্রদল এতদিন শান্তিপূর্ণভাবে আহ্বান করে আসছিল। আজকে শেষবারের মতো শান্তিপূর্ণভাবে পদত্যাগ চাচ্ছি। যদি পদত্যাগ না করেন তাহলে আরও কঠোর কর্মসূচি দিব। ছাত্রদল জানে কীভাবে তার ভাই হত্যার বিচার আদায় করতে হয়।’
তিনি ঢাবি উপাচার্যের উদ্দেশে তিনি বলেন, ‘আপনি চট্রগ্রাম বিশ্বিবদ্যালয়ে পড়াশোনা করেছেন। তাই ঢাবি শিক্ষার্থীদের পালস আপনি বুঝবেন না। আপনাকে বলি এখনও সম্মানের সঙ্গে পদত্যাগ করুন, না হলে কিন্তু পদত্যাগ করতে বাধ্য করব।’
তদন্ত কমিটির প্রতিবেদন জমা
এদিকে শাহরিয়ার আলম সাম্যর মৃত্যুর ঘটনা তদন্তে গঠিত বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির প্রতিবেদন জমা দিয়েছে। সোমবার সকালে কমিটির আহ্বায়ক কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কাছে প্রতিবেদন হস্তান্তর করেন।
প্রতিবেদন পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান উপাচার্য।