বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫ ১৮:৪০ পিএম
প্রবা ফটো
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন অনুষদের ৯ শিক্ষার্থী। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অনশনের ২৬ ঘণ্টা পেরিয়েও তারা কর্মসূচিতে অটল রয়েছেন। এদিকে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় জরুরি সিন্ডিকেট সভা ডেকেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
অনশনকারীরা হলেন—২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসরুল আল ফাহিম, ২০১৯-২০ শিক্ষাবর্ষের নূর ইকবাল সানি, ২০২১-২২ শিক্ষাবর্ষের শাহরিয়ার হাসান সোহেল, ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইসরাত জাহান ইয়ামিন, মালিহা চৌধুরী, ইসরাত জাহান, নুসরাত জাহান ইপা এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তরিকুল ইসলাম মাহী ও মাহমুদুল হাসান মিনহাজ।
চারুকলা ইনস্টিটিউটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম আহমেদ বলেন, প্রশাসন যে নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিল, তার ২১ দিন পর আমরা অনশন শুরু করেছি। আগের প্রশাসন আমাদের নানাভাবে আশ্বাস দিলেও কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। তবে বর্তমান প্রশাসন খুবই আন্তরিক। আমরা শুধু একটি সিন্ডিকেট সভার অপেক্ষায়। কিন্তু যতক্ষণ আমাদের দাবি পূরণ না হচ্ছে, অনশন চালিয়ে যাব।
এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, চারুকলার বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় জরুরি সিন্ডিকেট সভা ডাকা হয়েছে।
গতকাল সোমবার বেলা ৩টার পর থেকে প্রশাসনিক ভবনের সামনে আমরণ অনশন শুরু করেন শিক্ষার্থীরা।