× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪৮ ঘণ্টার আল্টিমেটাম, দাবি না মানলে ‘লং মার্চ টু ঢাকা’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫ ১৭:০২ পিএম

ছবি ফোকাস বাংলা

ছবি ফোকাস বাংলা

ছয় দফা দাবি মেনে নিতে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের জোট কারিগরি ছাত্র আন্দোলন। অন্যথায় ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি ডাকার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

রবিবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নতুন সড়কে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে মহাসমাবেশ থেকে তারা এ আল্টিমেটাম দেন।

কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. মাশফিক ইসলাম দেওয়ান বলেন, ‘আমাদের দাবি দাওয়া মেনে নিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। যদি এর মধ্যে দৃশ্যমান কর্মকাণ্ড না দেখানো হয় তাহলে কঠোর থেকে কঠোর কর্মসূচি, প্রয়োজনে লং মার্চ হবে।’

আন্দোলনের প্রতিনিধি মিজানুর রহমান বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ‍্যে সরকারের তরফ থেকে দাবি মেনে নেওয়ার কোনো ঘোষণা না আসলে সারা দেশে সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালন করবেন।

আন্দোলনের আরেক প্রতিনিধি হাবিবুর রহমান বলেন, ‘আমরা সব ধরনের এসি রুমের আলোচনা বয়কট করলাম। দাবি না মানলে আমরা কঠোর কর্মসূচি দিব। কারিগরি সেক্টরের বৈষম্য দূর হলেই আমারা এসব ছেড়ে ক্লাসে ফিরে যাব। আমারা আর মৌখিক আশ্বাসে বিশ্বাস করছি না।’

এর আগে সকাল থেকে রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে জড়ো হতে শুরু করেন। বেলা ১১টার দিকে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে গিয়ে সমাবেশে যোগ দেয়।

একই দাবিতে গত বুধবার সকালে রাজধানীর তেজগাঁওয়ের সাত রাস্তা, মোহাম্মদপুর, মিরপুরসহ দেশের বিভিন্ন স্থানে একযোগে সড়ক অবরোধ করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

পরদিন বৃহস্পতিবার বেলা ১১টায় কারওয়ান বাজার রেলগেটে রেলপথ অবরোধ করার ঘোষণা দিয়েছিলেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পরে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়, দুপুরে শিক্ষা উপদেষ্টার সঙ্গে তাদের বৈঠক আছে। সে বৈঠক চলা পর্যন্ত সে কর্মসূচি পরে শিথিল করা হয়।

এদিন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কারিগরি অনুবিভাগ) রেহানা ইয়াছমিনের সঙ্গে বৈঠক করে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল।

তবে সে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। সন্ধ্যায় দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে মশালমিছিল করেন তারা।

এরপর শুক্রবার বিকেলে ঢাকাসহ দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করেন শিক্ষার্থীরা। একই দাবিতে গতকাল সারাদেশে ‘রাইজ ইন রেড’ কর্মসূচি পালন করেন তারা।

শিক্ষার্থীদের ছয় দফা দাবি হলো- জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা অবিলম্বে বাতিল করতে হবে; জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক) পদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক ডিপ্লোমা প্রকৌশল ডিগ্রি থাকতে হবে; ক্রাফট ইনস্ট্রাক্টরসহ দেশের কারিগরি সব পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দিতে হবে; কারিগরি (পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদের জন্য) সব বিভাগীয় শহরে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে; কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষা চালু ও শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির আবেদনের সুযোগ বাস্তবায়ন করতে হবে এবং ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টরে সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করে দিতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা