প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫ ১০:০৮ এএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৫ ১১:০১ এএম
ছয় দফা দাবি আদায়ে আজ রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছিলেন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তবে প্রধান উপদেষ্টার আহ্বানে সরকারের সঙ্গে আজ বৈঠকে বসছেন আন্দোলনকারীরা। এ সময় সারা দেশে ‘রেল ব্লকেড’ কর্মসূচি শিথিল থাকবে বলে জানা গেছে।
বুধবার দিবাগত রাতে নিজেদের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এ কথা জানান কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি মাসফিক ইসলাম ও জুবায়ের পাটোয়ারী। ফেসবুক পেজে দেওয়া ভিডিও বার্তায় তারা জানান, ‘বৈঠকের ওপর ভিত্তি করে পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে।’
ভিডিও বার্তায় মাসফিক ইসলাম বলেন, ‘বৈঠকে ছয় দফাসহ অন্যান্য বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এ চূড়ান্ত সিদ্ধান্তের ওপর ভিত্তি করে সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে। বৈঠক চলাকালে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে কর্মসূচি স্থগিত থাকবে।’
ছাত্র আন্দোলনের অন্যতম প্রতিনিধি জুবায়ের পাটোয়ারী বলেন, ‘বাংলাদেশের তৃতীয় পক্ষ এবং বিভিন্ন কুচক্রী মহল আমাদের আন্দোলন বিতর্কিত এবং ব্যবহার করার চেষ্টা করছে। আপনারা আজ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে নিজেদের অবস্থান স্পষ্ট করবেন। যারা অনৈতিক কাজে আপনাদের লিপ্ত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আপনাদের অবস্থান স্পষ্ট করবেন। আমরা এ সরকারের বিপক্ষে নই, আমরা সরকারকে সহযোগিতা করে আন্দোলন বাস্তবায়ন করব।’
বুধবার সকাল ১০টার দিকে সারা দেশে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। কর্মসূচি চলাকালে কুমিল্লায় সেনাবাহিনী ও পুলিশের লাঠিচার্জে ৩৫ শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া যায়। আন্দোলনের কারণে সারা দেশের মহাসড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে রাতে সংবাদ সম্মেলনে আজ বৃহস্পতিবার রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করা হলেও মধ্যরাতে ভিডিও বার্তায় সেটি বাতিল করা হয়।
ছয় দফা আদায়ের লক্ষ্যে গতকাল বুধবার সারা দেশে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। ‘কারিগরি ছাত্র আন্দোলন’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচি রাজধানী ঢাকায় শুরু হয়ে ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন জেলায়। এতে গুরুত্বপূর্ণ সড়ক ও রেলপথে তীব্র যানজট সৃষ্টি হয়ে জনজীবন কার্যত অচল হয়ে পড়ে। বুধবার সকাল ১০টা থেকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে অবস্থান নেন। এতে আশপাশ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনের কারণে প্রায় ৯ ঘণ্টা তেজগাঁও-মগবাজার সড়কে যান চলাচল বন্ধ ছিল। একই সময় দেশের বিভিন্ন স্থানে একযোগে শুরু হয় সড়ক ও রেল অবরোধ।
পরে রাতে সংবাদ সম্মেলনে আজ বৃহস্পতিবার রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করা হলেও মধ্যরাতে ভিডিও বার্তায় সেটি বাতিল করা হয়।
শিক্ষার্থীদের দাবি
শিক্ষার্থীদের ছয় দফা দাবি হলো- জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা অবিলম্বে বাতিল করতে হবে; জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক) পদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক ডিপ্লোমা প্রকৌশল ডিগ্রি থাকতে হবে; ক্রাফট ইনস্ট্রাক্টরসহ দেশের কারিগরি সব পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দিতে হবে; কারিগরি (পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদের জন্য) সব বিভাগীয় শহরে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে; কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষা চালু ও শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির আবেদনের সুযোগ বাস্তবায়ন করতে হবে এবং ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টরে সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করে দিতে হবে।