আন্দোলনে পলিটেকনিক শিক্ষার্থীরা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫ ০৮:৫৪ এএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৫ ১০:৫১ এএম
ছবি : আলী হোসেন মিন্টু
ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ‘কারিগরি ছাত্র আন্দোলন’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচি রাজধানী ঢাকা থেকে শুরু হয়ে ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন জেলায়। এতে গুরুত্বপূর্ণ সড়ক ও রেলপথে তীব্র যানজট সৃষ্টি হয়ে জনজীবন কার্যত অচল হয়ে পড়ে। গতকাল বুধবার সকাল ১০টা থেকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে অবস্থান নেন। এতে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনের কারণে প্রায় ৯ ঘণ্টা তেজগাঁও-মগবাজার সড়কে যান চলাচল বন্ধ ছিল। একই সময় দেশের বিভিন্ন স্থানে একযোগে শুরু হয় সড়ক ও রেল অবরোধ।
সন্ধ্যায় আন্দোলনের অংশ হিসেবে কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুবায়ের পাটোয়ারী ঘোষণা দেন, বৃহস্পতিবার সারা দেশে রেলপথ অবরোধ করা হবে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শোয়াইব আহমাদ খানসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনায় সুরাহা না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলেও তিনি জানান। এ সময় তিনি সারা দেশের পলিটেকনিক শিক্ষার্থীদের এ কর্মসূচি সফল করার আহ্বান জানান।
ঢাকায় বিক্ষোভের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে সাতরাস্তা, মহাখালী, মধুবাগ, এফডিসি মোড়, রামপুরা ও আশপাশের এলাকায়। এতে তীব্র যানজটের পাশাপাশি হঠাৎ বৃষ্টিতে জনদুর্ভোগ আরও বেড়ে যায়। দীর্ঘ যানজটে আটকা পড়ে অনেককে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।
শিক্ষার্থীদের দাবি : শিক্ষার্থীদের ছয় দফা দাবিগুলো হলো, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা অবিলম্বে বাতিল করতে হবে; জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক) পদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক ডিপ্লোমা প্রকৌশল ডিগ্রি থাকতে হবে; ক্রাফট ইনস্ট্রাক্টরসহ দেশের কারিগরি সব পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দিতে হবে; কারিগরি (পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদের জন্য) সব বিভাগীয় শহরে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে; কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষা চালু ও শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির আবেদনের সুযোগ বাস্তবায়ন করতে হবে এবং ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টরে সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করে দিতে হবে।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের ডিজিকে অবাঞ্ছিত ঘোষণা : রাজধানীর সাত রাস্তার মোড়ে ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন স্থলে উপস্থিত হয়ে ক্রাফট ইনস্ট্রাক্টর নামে কোনো পদ থাকবে না বলে জানিয়েছেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শোয়াইব আহমাদ খান। তিনি বলেন, ৩০ শতাংশ পদোন্নতির কোনো বিষয় নেই, তবুও আমরা আপিল করেছি। তবে মহাপরিচালক শোয়াইব আহমাদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা এ অধিদপ্তরে কারিগরি শিক্ষায় শিক্ষিত একজন কর্মকর্তাকে মহাপরিচালক নিয়োগের দাবি জানান।