বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫ ২২:৫৩ পিএম
বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে এ ইফতারের আয়োজন করা হয়। ফটো
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অভ্যন্তরে চলাচলকারী ভ্যানচালকদের সঙ্গে নিয়ে ইফতার করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
বুধবার (২৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে এ ইফতারের আয়োজন করা হয়। এ সময় ক্যাম্পাসের অভ্যন্তরে নিয়মিত শিক্ষার্থীদের বহনকারী ভ্যানচালক ও শ্রমজীবীরা উপস্থিত ছিলেন।
ইফতারে ইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এসএম সুইট, সহ-সমন্বয়ক গোলাম রাব্বানী, তানভীর মণ্ডল, আবদুল্লাহ আল নোমান প্রমুখ উপস্থিত ছিলেন।
ভ্যানচালকেরা বলেন, ক্যাম্পাস অনেকদিন ধরেই বন্ধ, মামারা কেউ নাই। বাইরে ভাড়া খেটেও তেমন একটা আয় রোজগার হয় না। অনেক সময় দেখা যায় বাড়িতে যেতে দেরি হলে রাস্তায় ইফতারের সময় হয়ে যায়। ঈদের আগে শেষ দিনে আমাদের দাওয়াত দিয়ে ইফতারি করানোয় খুব ভাল লেগেছে। আল্লাহ সবার মনের আশা পূরণ করুক।
ভ্যানচালকদের উদ্দেশ্যে এসএম সুইট বলেন, পবিত্র রমজান মাস মানেই সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য নিদর্শনের মাস। ইবিতে আগে গণইফতারসহ অনেক ইফতারের আয়োজন করা হয়েছে, কিন্তু আমি মনে করি সবচেয়ে বেশি উচিত ছিল আপনাদের মত মানুষদের নিয়ে ইফতারের আয়োজন করা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সেই প্রয়োজনীয়তা অনুভব করে আজকে আপনাদের নিয়ে খুবই ছোট পরিসরে ইফতারের আয়োজন করেছে৷ আপনারা আমাদেরকে সন্তানের মত দেখবেন এবং আমরাও আপনাদের সব সময় শ্রদ্ধার জায়গা থেকে দেখতে চাই।