× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনিয়মের অভিযোগে অধ্যক্ষকে অব্যাহতি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ মার্চ ২০২৫ ১৮:৪৩ পিএম

অনিয়মের অভিযোগে অধ্যক্ষকে অব্যাহতি

ঢাকার মালিবাগে অবস্থিত আবুজর গিফারী কলেজের অধ্যক্ষ বশীর আহম্মদের বিরুদ্ধে বিধি বর্হিভূত কর্মকাণ্ড, অনিয়ম, স্বেচ্ছাচারিতা, রাজনৈতিক লেজুড়বৃত্তি ও নামে-বেনামে বিভিন্ন বিল-ভাউচার দিয়ে কলেজের অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, অধ্যক্ষ বশীর আহম্মদ তার বেতনের বাইরে বিধি বর্হিভূত বিভিন্ন ভাতা গ্রহণ করেন। এমন অভিযোগের প্রেক্ষিতে কলেজ এডহক কমিটির সভাপতি অধ্যক্ষের বেতন শিট পৃথক করতে বলেছিলেন। শুধু তাই নয়, সম্প্রতি পবিত্র রমজান মাসের শুরুতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দিতে অধ্যক্ষ টালবাহানা শুরু করেন। কলেজ এডহক কমিটির সভাপতির আদেশ সত্ত্বেও বেতন-ভাতা না দিতে চাইলে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

বশীর আহম্মদ কলেজ গর্ভনিং বডির শিক্ষক প্রতিনিধি, অভিভাবক প্রতিনিধি, হিতৈষী সদস্য এবং শিক্ষক পরিষদের সম্পাদক ও অর্থ সম্পাদক নির্বাচনে বিধির বাইরে প্রভাব খাটিয়েছেন। নিয়ম বহির্ভূত নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ভোটার করে নিজের পছন্দের প্রার্থিকে জয়ী করতে সহযোগিতা করেছেন। বহিরাগতদের দিয়ে শিক্ষকদের ভয়ভীতি, হুমকি দেওয়ার নেপথ্যেও ছিলেন তিনি। এ সম্পর্কিত সিসি ক্যামেরার ফুটেজও তিনি মুছে ফেলেছেন ডিভাইস থেকে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনিত এডহক কমিটির সভাপতি ও বিদ্যোৎসাহি সদস্যকে কমিটি থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্রের সাথেও তিনি জড়িত।

এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়মের বাইরে গিয়ে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের তদন্তে মিথ্যা তথ্য প্রদান, নিয়োগ জটিলতা থাকলেও তাদের সুযোগ-সুবিধা দিয়ে মেধাবী শিক্ষকদের অবমূল্যায়ন করেছেন। কলেজের স্বার্থে কলেজ এডহক কমিটির সভাপতি বিভিন্ন আদেশ দিলেও তিনি স্বেচ্ছাচারিতা দেখিয়ে অমান্য করে চলেছেন। এতে বেশ কয়েকবার এডহক কমিটি বশীর আহম্মদকে কারণ দর্শানো ও সর্তকতার চিঠি দিয়েছে।

কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে, জাতীয় দিবসগুলোতে অবৈধ বিল-ভাউচার করে অর্থ আত্মসাৎ, নিজস্ব আপ্যায়নে বেশি টাকা নেওয়া, কলেজের বিভিন্ন ক্রয়, পরিষ্কার-পরিচ্ছন্নতার নামে টাকা পকেটস্থ করেছেন তিনি। কলেজের কেনাকাটায় মানা হচ্ছে না রিক্যুয়েস্ট ফর কোটেশেন (RFQ)। নিজেরা কিনে নিজেরাই যাচাই-বাছাই করে যেমন ইচ্ছে তেমন বিল করে অর্থ লোপাট করছেন। গেল দুই বছর কলেজের অভ্যন্তরীণ ও বহিঃস্থ অডিট করছেন না অধ্যক্ষ, কলেজ এডহক কমিটির সভাপতি বারবার বলার পরেও গড়িমসি করেছেন তিনি। 


আওয়ামী লীগ সরকারের লেজুড়বৃত্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধী ছিলেন বশীর আহম্মদ। এখন নিজেকে কখনও অতি-বিএনপি আবার কখনওবা সুবিধামতো অতি-জামায়াতে ইসলামি প্রমাণে ব্যস্ত থাকেন রাজনৈতিক চরিত্রহীন এই অধ্যক্ষ। এ ছাড়া তার উদাসীনতায় কলেজটিতে শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার পরিবেশ নষ্ট হচ্ছে। এ বছর বিভিন্ন কলেজে নবীনবরণ হলেও এই কলেজে তা হতে দেননি অধ্যক্ষ ও তার কিছু সুবিধাভোগী শিক্ষক। কর্মকর্তা-কর্মচারীদের সাথে অশোভন আচরণ ও শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে কলেজের পরিবেশকে অস্থিতিশীল করে রেখেছেন অধ্যক্ষ বশীর আহম্মদ।

দুই বছর আগে মোটা অঙ্কের টাকার লেনদেনের মাধ্যমে আবুজর গিফারী কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ পান বশীর আহম্মদ। এর আগে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার সৈয়দ আবুল হোসেন কলেজে উপাধ্যক্ষ ছিলেন তিনি। সেখানেও তার বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, বিধি বর্হিভূত কর্মকাণ্ড, অনৈতিক আচরণ, স্বেচ্ছাচারিতা, সিসি ক্যামেরা ভাঙচুর ও ফুটেজ গায়েবের অভিযোগ ছিল। সম্প্রতি ওই কলেজের সাবেক অধ্যক্ষ হাসানুল সিরাজী জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে বশীর আহম্মদের বিরুদ্ধে অভিযোগও করেছেন। এক সময় নিজের নামের সাথে পিএইচডি ডিগ্রি লেখলেও বর্তমানে তা উল্লেখ করেন না। এ বিষয়টি নিয়েও আছে সন্দেহ।

এসব বিষয়ে কলেজ এডহক কমিটির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎসবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মামুন চৌধুরী বলেন, ‘আমরা নিয়মতান্ত্রিকভাবে প্রতিষ্ঠান চালাতে চাই। অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও বিধি বর্হিভূত কর্মকাণ্ডের অভিযোগে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ জন্য তথ্য অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।’  

এদিকে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করা, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অধ্যক্ষের অন্যায় ও বিমাতাসুলভ আচরণে ক্ষুদ্ধ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ছাড়াও নবীনবরণ বঞ্চিত শিক্ষার্থীরাসহ কলেজের বিভিন্ন শ্রেণি ও বিভাগের শিক্ষার্থীরা দুর্নীতিগ্রস্থ, বিতর্কিত অধ্যক্ষ বশীর আহম্মদকে কলেজে অবাঞ্ছিত ঘোষাণা করে আজীবনের জন্য বরখাস্তের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা