রাজশাহী অফিস
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫ ১৩:১০ পিএম
আপডেট : ০৯ মার্চ ২০২৫ ১৩:৩৮ পিএম
ছবি : সংগৃহীত
ধর্ষণের বিচার সুনিশ্চিত না হওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শেষে এ ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
রবিবার সকাল থেকেই রাবি শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষায় উপস্থিত না হয়ে প্যারিস রোডে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে। এরপর বেলা সাড়ে ১১টায় মহাসড়ক অবরোধ করে যানবাহন বন্ধ করে দেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, নারীদের নিরাপত্তা না দিতে পারলে এই সরকারের প্রয়োজন নেই৷ ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে৷ অন্তর্বর্তী সরকারকে সবার আগে নারীদের নিরাপত্তা দিতে হবে। তারপর অন্য কাজ করতে হবে।
বিক্ষোভ শেষে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত রাবির সকল প্রকার ক্লাস-পরীক্ষা বন্ধ করার ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পড়ে তারা রাজশাহী-ঢাকা মহাসড়ক থেকে মিছিল নিয়ে সরে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে।