ময়মনসিংহ প্রতিবেদক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫ ২০:৩১ পিএম
আপডেট : ০৬ মার্চ ২০২৫ ২০:৩৪ পিএম
জেলা প্রশাসকের হল রুমে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীদের নিয়ে বৈঠক। প্রবা ফটো
ময়মনসিংহে এইচএসসি পরীক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটামের মধ্যে কোচিংয়ের নামে অতিরিক্ত ফি না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) শিক্ষার্থীদের দ্বিতীয় দিনের আন্দালনের মুখে জেলা প্রশাসক তাদের দাবি মেনে নিতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের এ নির্দেশ দেন। এতে ফরম ফিলাপের সময় কোচিংয়ের নামে অতিরিক্ত ৫ হাজার টাকা দিতে শিক্ষার্থীরা বাধ্য থাকবে না।
এর আগে বুধবার বাড়তি ফি আদায়ের প্রতিবাদে এইচএসসি পরীক্ষার্থীরা ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন। এ দিন তারা দাবি আদায়ে প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন।
বৃহস্পতিবার দুপুরে পুনরায় নগরীর সব কলেজের শিক্ষার্থীরা দাবি আদায়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেন। এ সময় শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের মূল গেটের সামনে বসে পড়েন এবং নানা স্লোগান দিতে থাকেন।
এ সময় শহীদ সৈয়দ নজরুল কলেজ, নাসিরাবাদ কলেজ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, ময়মনসিংহ মহাবিদ্যালয়, আক্তারুজ্জামান মিন্টু কলেজসহ নগরীর অধিকাংশ কলেজের প্রধান ও শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে জেলা প্রশাসকের হল রুমে বৈঠক করেন জেলা প্রশাসক মুফিদুল আলম।
দীর্ঘ এ বৈঠকে সিদ্ধান্ত হয়, এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে জুন মাস পর্যন্ত মাসিক বেতন নেওয়া হবে। আর কোচিং করা বাধ্যতামূলক করা হবে না। এ জন্য সবার জন্য কোচিংয়ের টাকা দিতে হবে না। এতে শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করে নেন।,
নগরীর মুসলিম গার্লস কলেজের শিক্ষার্থী আফরোজা আক্তার জানান, তাদের ন্যায্য দাবি নিয়ে দুদিন ধরে আন্দোলন করে আসছিলেন। অবশেষে তাদের দাবি পূরণ হয়েছে। এতে জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতার কথা জানান তারা।
ময়মনসিংহ মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সায়খূল ইসলাম মল্লিক বলেন, ‘জেলা প্রশাসকের ডাকে আয়োজিত বৈঠকে কোচিং বাধ্যতামূলক না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোচিংয়ের টাকা নেওয়া হবে না। তবে জুন মাস পর্যন্ত পরীক্ষার্থীদের কাছ থেকে মাসিক বেতন নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’
এ বিষয়ে জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, ‘বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তাদের দাবি মেনে নেওয়া হয়েছে। এতে উভয় পক্ষই সন্তোষ প্রকাশ করেছেন।’