পাবনা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫ ১৬:৩৩ পিএম
আপডেট : ০৬ মার্চ ২০২৫ ১৭:৪৬ পিএম
পাবিপ্রবিতে কুরআন বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। প্রবা ফটো
পবিত্র কুরআন শিক্ষার আলো ছড়িয়ে দিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) পাঁচ শতাধিক সাধারণ শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
ছাত্রশিবিরের জেলা শহর শাখার উদ্যোগে বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এ কুরআন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে এই কুরআন তুলে দেন।
সাদিক কায়েম বলেন, ‘জুলাই-আগস্ট আন্দোলন নিয়ে এখন নানা ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু আমরা এই ষড়যন্ত্র সফল হতে দেব না। ২৪ এর আন্দোলন ব্যর্থ হলে পুরো প্রজন্ম ব্যর্থ হবে। আমরা আমাদের ছোটখাটো স্বার্থ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে দেশের স্বার্থে একসঙ্গে কাজ করবো ইনশাআল্লাহ।’
পাবনা শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি ফিরোজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ.ছ.ম তরীকুল ইসলাম, পাবনা শহর ছাত্রশিবিরের সেক্রেটারি গোলাম রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আশরাফুল ইসলাম হেলাল প্রমুখ।