প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫ ০০:৫২ এএম
আপডেট : ০৬ মার্চ ২০২৫ ০০:৫৫ এএম
ছবি: সংগৃহীত
২০২৪-২৫ শিক্ষাবর্ষে দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে। বুধবার (৫ মার্চ) দুপুর ১২টায় অনলাইনে এ আবেদন শুরু হয়। এ প্রক্রিয়া চলবে আগামী ১৫ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
এ বছর গুচ্ছ ভর্তিতে আবেদন করতে শিক্ষার্থীদের ফি দিতে হবে ১ হাজার ৫০০ টাকা। এ ছাড়া আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অতিরিক্ত ৫০০ টাকা আবেদন ফি দিতে হবে। আবেদন প্রক্রিয়া শেষে আগামী ২৫ এপ্রিল শুরু হবে ভর্তি পরীক্ষা, শেষ হবে ৯ মে।
বিজ্ঞান, মানবিক ও বাণিজ্যে যথাক্রমে ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটে পরীক্ষা নেওয়া হবে। সেকেন্ড টাইমে (দ্বিতীয়বার) ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগও রাখা হয়েছে।
ভর্তির বিজ্ঞপ্তি অনুযায়ী- ২৫ এপ্রিল ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এ ছাড়া ২ মে ‘বি’ ইউনিট এবং ৯ মে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা হবে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। এ ছাড়া ৯ মে বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা নেওয়া হবে। ঢাকাসহ মোট ২১ কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আবেদনের বিস্তারিত তথ্য জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ওয়েবসাইটে পাওয়া যাবে।
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো- ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া; মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল; পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী; নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী; জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ; যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর; পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা; বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর; গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ; বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল; রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি; রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, সিরাজগঞ্জ; গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি, গাজীপুর; নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা; জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর; চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর; কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ; সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ ও পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর।