ময়মনসিংহ প্রতিবেদক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৭ পিএম
প্রবা ফটো
পাঁচ দফা দাবি আদায়ে ক্লাস বর্জন করে ময়মনসিংহে মেডিকেল কলেজের (মমেক) শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছেন।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ চত্বরে মমেক ও কমিউনিটি বেজড মেডিকেল কলেজ শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।
এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত কঠোর থেকে কঠোরতম আন্দোলনের হুশিয়ারি দেন শিক্ষার্থীর।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো- এমবিবিএস ও বিডিএস ছাড়া কেউ চিকিৎসক লিখতে পারবে না, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) বিরুদ্ধে করা রিট ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে, বিএমডিসি নিবন্ধন শুধু এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারীদের দিতে হবে। ২০১০ সাল থেকে সরকার ম্যাটসদের (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) বিএমডিসি থেকে নিবন্ধন দেওয়া শুরু করেছে, এই ম্যাটসদের বিএমডিসি থেকে নিবন্ধন দেওয়া অবিলম্বে বন্ধ করতে হবে।
এমবিবিএস এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কেউ ওটিসি লিস্টের বাইরে ড্রাগ প্রেসক্রাইব করতে পারবে না। রেজিস্টার চিকিৎসকদের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিগুলো ওটিসি লিস্টের বাইরে কোন ওষুধ বিক্রি করতে পারবে না।
স্বাস্থ্য খাতে চিকিৎসকের সংকট নিরসনে- দ্রুত ১০ হাজার ডাক্তারকে নিয়োগ দিয়ে সকল শূন্য পদ পূরণ করতে হবে, আলাদা স্বাস্থ্য কমিশন গঠনের পূর্বের মতো সপ্তম গ্রেডে নিয়োগ দিতে হবে, প্রতিবছর ৪ থেকে ৫ হাজার ডাক্তার নিয়োগ দিয়ে স্বাস্থ্য খাতের ভারসাম্য রক্ষা করতে হবে।
সকল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং (ম্যাটস) ও মানহীন সরকারি বেসরকারি কলেজগুলো বন্ধ করে দিতে হবে, ইতোমধ্যে পাস করা ম্যাটস শিক্ষার্থীদের এস.এ.সি.এম.ও পদবি রহিত করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগের ব্যবস্থা করতে হবে ও চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে।
বিক্ষোভ শেষে কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। তারা জানান, দাবি আদায় না হলে আগামীকাল (সোমবার) দুপুর সাড়ে ১২টায় মেডিকেল কলেজের ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি ও ২৪ ফেব্রুয়ারি একাডেমিক শাটডাউন পালন করা হবে। তবুও যদি দাবি না মেনে নেওয়া হয়, তাহলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন।
পরে শিক্ষার্থীরা মেডিকেল কলেজের অধ্যক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেন।
এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নাজমুল আলম খান বলেন, শিক্ষার্থীরা ক্লাস বর্জন তাদের দাবি আদায়ে বিক্ষোভ সমাবেশ করেছে। এতে কলেজের সব বিভাগের ক্লাস বন্ধ ছিল। তাদের দাবি আদায়ে তারা অনড় রয়েছে।