বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩১ পিএম
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩৯ পিএম
চবির কেন্দ্রীয় শহীদ মিনারে একুশে ফেব্রুয়ারির প্ল্যাকার্ডে একাধিক বানান ভুলের ঘটনা ঘটেছে। প্রবা ফটো
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির প্রস্তুতির অংশ হিসেবে টানানো প্ল্যাকার্ডে একাধিক বানান ভুলের ঘটনা ঘটেছে। এতে ‘বাংলাদেশ’, ‘ফেব্রুয়ারি’, ‘কুঁড়ি’, ‘তুমি’— এর মতো গুরুত্বপূর্ণ শব্দের ভুল বানান দেখে সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে সরেজমিনে দেখা যায়, শহীদ মিনারের পাশে লাগানো প্ল্যাকার্ডগুলোর একাধিক বানানে ভুল রয়েছে। বানানগুলো হলো- ‘বাংলাদেশ’ শব্দটি লেখা হয়েছে ‘বাংলাশের’, ‘কুঁড়ি’ শব্দটি ‘কুঁডি’, ‘ফেব্রুয়ারি’ শব্দটি ‘ফেব্রয়ারি’ এবং ‘তুমি’ শব্দটি ‘তুাম’ হিসেবে। এছাড়া ‘একুশ মানে মাথা নত না করা’ বাক্যটিও ভুলভাবে ‘একুশ মানি মাথা নথ না করা’ লেখা হয়েছে।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বশীলতার অভাব নিয়ে প্রশ্ন তুলেছেন এবং ভবিষ্যতে এ ধরনের ভুল যেন না ঘটে, সে বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বানানো প্ল্যাকার্ডে এমন ভুলকে চবির শিক্ষার্থীরা ‘অমার্জনীয়’ বলে মন্তব্য করেছেন। বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈমা আক্তার সুমাইয়া বলেন, ‘একুশ মানেই মাতৃভাষার প্রতি শ্রদ্ধা। সেই দিবসে বানান ভুল থাকা লজ্জার।’
বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর এই প্ল্যাকার্ডগুলোর তত্ত্বাবধানে ছিল। প্রকৌশলী মাহফুজুর রহমান বলেন, ‘এ কাজের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়নি। কাজটি দেরিতে দেওয়া হয়েছিল। ফলে তাড়াহুড়োর কারণে এই অনাকাঙ্ক্ষিত ভুল হয়েছে। আমরা আর্টম্যান দিয়ে এগুলো সংশোধন করছি।
এ প্রসঙ্গে চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, প্ল্যাকার্ডগুলো শহীদ মিনারে লাগানোর আগে আমাদের দেখানো হয়নি, যা প্রকৌশল দপ্তরের করা উচিত ছিল। ত্রুটিযুক্ত প্ল্যাকার্ডগুলো দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এ ধরনের ভুল কেন হয়েছে, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এটি কোনো ষড়যন্ত্রের অংশ কি না- সেটিও খতিয়ে দেখা হচ্ছে।