বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১২ পিএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১৩ পিএম
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় সংলগ্ন এলাকায় মিছিলটি শুরু হয়। প্রবা ফটো
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালযয়ের (ইবি) ছাত্র ইউনিয়ন সংসদ মশাল মিছিল করেছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় ক্যাম্পাসের জিয়া মোড় সংলগ্ন এলাকা থেকে মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় ‘সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘আমার ভাই আহত কেন? প্রশাসন জবাব চাই’, ‘কুয়েটে হামলা কেন? প্রশাসন জবাব চাই’- এমন স্লোগান দেয় ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা।
ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সহ-সভাপতি সাদিয়া মাহমুদ মিম বলেন, ‘কুয়েটের মতো একটি প্রতিষ্ঠানে যে সন্ত্রাসী হামলা হয়েছে, তা অত্যন্ত নেক্কারজনক। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইবি সংসদ এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। পাশাপাশি এর সঙ্গে জড়িত সকলকে চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
ইবি ছাত্র ইউনিয়ন সংসদের সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘বাংলাদেশের অস্ত্রধারী ছাত্ররাজনীতি এখন থেকে শুরু হয়নি, বরং তা আগেও ছিল। আমরা দেখেছি, অতীতে বিভিন্ন ছাত্রসংগঠনের হাতে সারা বাংলাদেশের ক্যাম্পাস গুলোতে অস্ত্রের ঝনঝনানি শুনেছি। ছাত্রলীগ বিগত ১৬ বছরে ছাত্ররাজনীতির নাম করে যে কলঙ্ক করেছে, তার দায় ছাত্রলীগ কোনোভাবেই এড়াতে পারে না। বাংলাদেশে দ্বিতীয় আর কোনো বিশ্ববিদ্যালয়ে অস্ত্রের নাম করে কোনো ক্যাম্পাস বন্ধ হোক- তা দেখতে চাই না। কুয়েটে যে হামলা হয়েছে তার সুষ্ঠু তদন্ত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।’