প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫৯ পিএম
ফাইল ফটো
৪৪তম বিসিএসের সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের প্রার্থীদের ২৬ ফেব্রুয়ারির মৌখিক পরীক্ষার সূচি পরিবর্তন করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনিবার্য কারণে ২৬ ফেব্রুয়ারির মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী, ওই দিনের পরীক্ষা আগামী ৬ মার্চ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। তবে মৌখিক পরীক্ষা গ্রহণসংক্রান্ত অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে। পরিবর্তিত সূচি অনুযায়ী পরীক্ষার্থীদের নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডারের ৯০০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। এই পরীক্ষা সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে।
উল্লেখ্য, ৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৭১০ কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহণ ও বাণিজ্যিক ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।