কারমাইকেল কলেজ সংলাপ
রংপুর অফিস
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১১ পিএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১৫ পিএম
বুধবার সকালে কারমাইকেল কলেজ অন্নদামোহন হলরুমে ‘কারমাইকেল কলেজ সংলাপ : ছাত্র সংসদ নির্বাচন’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত। প্রবা ফটো
রংপুর কারমাইকেল কলেজে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার, ঐকমত্য ও নির্বাচনী পরিবেশ সৃষ্টির জন্য তাগিদ দিয়েছেন বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় কলেজের অন্নদামোহন হলরুমে ‘কারমাইকেল কলেজ সংলাপ: ছাত্র সংসদ নির্বাচন’ শীর্ষক এক সংলাপে তারা এসব মতামত জানান।
ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সংলাপে মতামত তুলে ধরেন, কাকসুর সর্বশেষ নির্বাচিত সাধারণ সম্পাদক, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক কাকসুর নেতা রকিবুস সুলতান মানিক, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক দিলীপ কুমার রায়, কারমাইকেল কলেজ ছাত্রদল সভাপতি রবিউল ইসলাম, ছাত্র শিবিরের সভাপতি মেহেদী হাসান, জাতীয় ছাত্র সমাজের যুগ্ম আহ্বায়ক কমল রায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসাইন, কলেজ শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস অনন্যা, জারিন তাসনিমা, মিফতাউল জান্নাত সিনথিসহ অন্যরা।
এ সময় উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজুর রহমান, উপাধ্যক্ষ অধ্যাপক ড. রেহেনা খাতুনসহ অন্যরা।
সংলাপে বক্তারা বলেন, ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল অংশীজনদের মধ্যে সহনশীল ও সহযোগিতা মূলক পরিবেশ জরুরি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচন কলেজ ও বিশ্ববিদ্যালয় পরিচালনায় শিক্ষার্থীদের প্রকৃত অংশ গ্রহণ নিশ্চিত করবে। নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের জন্য শিক্ষক-শিক্ষার্থী ও প্রশাসনের মধ্যে সমন্বয় প্রয়োজন। সবার সম্মিলিত প্রচেষ্টা ও সমঝোতার মধ্য দিয়ে একটি নিরাপদ নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে। সেইসঙ্গে, শিক্ষাঙ্গনকে নিরাপদ রাখার জন্য সবাইকে অঙ্গীকারবদ্ধ হতে হবে।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে আয়োজিত এই সংলাপ অনুষ্ঠানের সহ-আয়োজক ছিল বিতর্ক পরিষদ। ছাত্র সংসদ নির্বাচনের জন্য ঐক্যমত্য জোরদার, বিভিন্ন পক্ষের মতামত বিনিময়ের জন্য কার্যকর ক্ষেত্র তৈরি এবং শান্তিপূর্ণ পরিবেশ ও নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের জন্য সুপারিশ প্রণয়নের লক্ষ্যে দেশব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে সংশ্লিষ্ট অংশীজনের অংশ গ্রহণে সংলাপের উদ্যোগ গ্রহণ করেছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। এরই অংশ হিসেবে যুক্তরাজ্যের এফসিডিও এর সহযোগিতায় এ সংলাপ আয়োজন করা হয়।