বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৬ পিএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৪ পিএম
পবিপ্রবিতে জুমার নামাজ শেষে আওয়ামী লীগ নিষিদ্ধে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। প্রবা ফটো
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) পুষ্টিবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী জান্নাতীন নাইম জীবন বলেছেন, পবিপ্রবি প্রশাসন যদি আওয়ামী লীগের ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টা করে, তবে ছাত্রসমাজ বিষদাঁত ভেঙে দেবে। তিনি আরও বলেন, ছাত্রলীগের মতো তাদের মূল সংগঠন আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পবিপ্রবির সাধারণ শিক্ষার্থীদের আয়োজিত বিক্ষোভে তিনি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হওয়া মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে মুক্তবাংলায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভে আইন ও ভূমি প্রশাসন অনুষদের শিক্ষার্থী নুরুন্নবী সোহানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের রেদওয়ান হোসেন, মাৎস্যবিজ্ঞান অনুষদের হাসান আল বান্নাহ ও সোহেল রানা জনি এবং পুষ্টিবিজ্ঞান অনুষদের জান্নাতীন নাইম জীবন।
এ সময় মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী সোহেল রানা জনি বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের ৬ মাস পার হলেও কোনোভাবে আওয়ামী রাজনীতি চলতে পারে না। একই সঙ্গে আমরা পবিপ্রবি প্রশাসনকে সতর্ক করছি- তারা যদি ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টা করে, তবে ছাত্রসমাজ কঠোর প্রতিরোধ গড়ে তুলবে।