রাজশাহী অফিস
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩১ পিএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৫৬ পিএম
গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজের বর্ষপূর্তি অনুষ্ঠানে হামলা ও ভাঙচুর চালানো হয়। ছবি : সংগৃহীত
নামাজের সময় গান-বাজনার অভিযোগে রাজশাহীর গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজের বর্ষপূর্তি অনুষ্ঠানে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এ সময় কয়েকটি চেয়ার ও বাদ্যযন্ত্র ভাঙচুর করা হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে ১৫ থেকে ২০ জন লোক এ হামলা চালিয়েছে
বলে অভিযোগ উঠেছে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তসলিম উদ্দিন বলেন, ‘শনিবার বিকালে
১৫ থেকে ২০ জন অপরিচিত লোক রড ও লাঠি নিয়ে অনুষ্ঠানে হামলা চালায়। কারও সঙ্গে কথা না
বলেই ভাঙচুর শুরু করেন তারা। নামাজের সময় গান-বাজনার অভিযোগ তুলে হামলা হলেও এ সময়
গান-বাজনা বন্ধ ছিল।’
অধ্যক্ষ আরও বলেন, ‘জোহর ও আসরের
নামাজের সময় অনুষ্ঠানে বিরতি দেওয়া হয়েছিল। তারপরও নামাজের সময় গান-বাজনা করার অভিযোগে এ হামলা চালানো হয়। তবে কারা এ হামলা চালিয়েছে তাদের চিহ্নিত করা যায়নি। কলেজের গভর্নিং বডির সভাপতির সঙ্গে আলোচনা করে সে সিদ্ধান্ত নেওয়া হবে।’
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘নামাজের সময়
গান-বাজনা করায় স্থানীয় লোকজন ভাঙচুর চালিয়েছে। ঘটনাস্থলে গিয়ে পুলিশের সদস্যরা ভিডিও
ফুটেজ সংগ্রহ করেছে। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’