বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫৭ পিএম
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেটের ১১০তম সভা অনুষ্ঠিত হয়। প্রবা ফটো
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪ হল’ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ফেলানী হল’ নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (৮ ফেব্রুয়ারি) প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১১০তম সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
উপাচার্য জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের অবদানকে স্মরণীয় করে রাখতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে প্রতি বছর ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস যথাযথ মর্যাদায় পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিন বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ রাখা হবে, তবে প্রশাসনিক কার্যক্রম চলমান থাকবে। উপাচার্য তার বক্তব্যে এই দিবসটি জাতীয় পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে পালনের আহবান জানান।
তিনি জানান, জুলাই আন্দোলনে বেরোবির আহত শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ফি মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, প্রতিবছর ভাষার মাস ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে শহীদ আবু সাঈদের নামে ৭ দিনব্যাপী বইমেলা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।