বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫ ২২:১৫ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৫ ২২:১৯ পিএম
ছবি : সংগৃহীত
গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। বুধবার (২২ জানুয়ারি ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলামের সই করা এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানানো হয়। এ বিষয়ে মঙ্গলবার অ্যাকাডেমিক কাউন্সিলের ৪৮তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
অফিস আদেশে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয় জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে না এবং আগামী ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামগুলোর ভর্তি পরীক্ষা স্বতন্ত্রভাবে নিজস্ব ব্যবস্থাপনায় গ্রহণ করবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও সরকার থেকে চাওয়া হয়েছে আমরা গুচ্ছে থাকি। কিন্তু সভায় উপস্থিত সবাই একমত পোষণ করেছেন যে কোয়ালিটি নিশ্চিত করার জন্য আমাদের স্বতন্ত্রভাবে পরীক্ষা নেওয়া উচিত। গুচ্ছের কারণে দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে এবং সেশনজট তৈরি হচ্ছে। তাই বিশ্ববিদ্যালয়কে সেশনজটমুক্ত করা, দীর্ঘসূত্রতা কাটিয়ে উঠা ও কোয়ালিটি স্টুডেন্ট এই তিনটি কারণেই আলাদাভাবে স্বতন্ত্র ব্যবস্থাপনায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’