নীলফামারী সংবাদদাতা
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫ ২০:৩০ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৫ ২০:৩৭ পিএম
নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এ বছর ৫৩ শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। রবিবার (২০ জানুয়ারি) বিকালে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় কলেজটি থেকে ৫৩ শিক্ষার্থী বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। শিক্ষার্থীদের মধ্যে ছেলে ২০ জন ও মেয়ে ৩৩ জন।
শিক্ষাপ্রতিষ্ঠানটি থেকে প্রতিবছর উত্তীর্ণ বিপুলসংখ্যক শিক্ষার্থী শুধু মেডিকেল কলেজ নয়, রুয়েট, কুয়েট, চুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও ভর্তির সুযোগ পেয়েছেন। রেকর্ড পরিমাণ শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা আনন্দ প্রকাশ করেছেন।
কলেজের শিক্ষকরা জানিয়েছেন, উপজেলা পর্যায় থেকে এমন সাফল্যে আমরা গর্বিত। কলেজের পাঠদানে শিক্ষকদের আন্তরিকতা, কঠোর তদারকির কারণে শিক্ষার্থীরা প্রতিবছর আশানুরূপ রেজাল্ট করে থাকে। কলেজকে শিক্ষকরা নিজের পরিবারেরই অংশ মনে করে থাকে।
শিক্ষাপ্রতিষ্ঠানটি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শুধু বিজ্ঞান বিভাগে ২৬২ জন শিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৫৫ জন।
এই কলেজ থেকে ২০২৪ সালে ৫৯ জন, ২০২৩ সালে ৪২ জন, ২০২২ সালে ৩৯ জন, ২০২১ সালে ৪০ জন, ২০১৯ সালে ৩৬ জন ও ২০১৮ সালে ৩৮ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।
সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘সৈয়দপুর শহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি বিজ্ঞান কলেজ। বরাবরই এসএসসি ও এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা ভালো ফল করে। বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীরা মেধার ছাপ রেখে যাচ্ছে।’
তিনি বলেন, ‘এ কলেজে সুশৃঙ্খল পরিবেশ, পাঠদানে শিক্ষকদের আন্তরিকতা এবং কঠোর তদারকি শিক্ষার্থীদের আশানুরূপ ফলাফল বয়ে এনেছে। মোট কথা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের প্রচেষ্টায় প্রতিবছর মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ধারাবাহিক সফল্য ধরে রাখা সম্ভব হচ্ছে।’