× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রেণিকক্ষ ‘দখলকারী’ উচ্ছেদের দাবিতে ইবির প্রধান ফটকে তালা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫ ২২:৪২ পিএম

শ্রেণিকক্ষ ‘দখলকারী’ উচ্ছেদের দাবিতে ইবির প্রধান ফটকে তালা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রবীন্দ্র নজরুল কলাভবনের বরাদ্দকৃত শ্রেণিকক্ষ নিয়ে ফের উত্তাল ক্যাম্পাস। ভবনটি থেকে ‘অবৈধ দখলকারীদের’ উচ্ছেদ ও শ্রেণিকক্ষ সঠিক বণ্টনের দাবিতে শনিবার আন্দোলন করেছেন শিক্ষার্থীরা।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীরা এ আন্দোলন করেন। প্রশাসনের আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে ১০ মিনিট ক্যাম্পাসের বাসও আটকে রাখেন তারা।

জানা যায়, শ্রেণিকক্ষ বণ্টনের সমস্যা নিয়ে অস্থিরতা চলছে দীর্ঘদিন। শনিবার সকালে ফের অনুষদ ভবনের তৃতীয়তলা থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে শুরু হয় বিক্ষোভ। পরে আন্দোলনকারীরা দুপুর ১২টার দিকে প্রশাসনিক ভবনে অবস্থান নেন। এর পরও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো সিদ্ধান্ত না এলে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক আটকে তালা ঝুলিয়ে দেন।

এর আগে দুপুর ২টায় প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ছাত্র উপদেষ্টা ও প্রক্টররা তাদের দাবি সমাধানের কথা বলেন। শিক্ষার্থীদের দাবি, রবীন্দ্র-নজরুল কলাভবন থেকে ‘অবৈধ দখলকারীদের’ উচ্ছেদ ও বরাদ্দকৃত কক্ষ ব্যবহারের সুযোগ নিশ্চিত হবে।

আন্দোলনরত শিক্ষার্থী তাহিরা তাহমিম প্রাপ্তি বলেন, আমার বিভাগের নামে শ্রেণিকক্ষ বরাদ্দ হয়েছে। বরাদ্দকৃত ক্লাসরুম ব্যবহারের জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সমাধান পাচ্ছি না। আমাদের বিভিন্নভাবে আশ্বস্ত করা হয়েছে, কিন্তু কোনো ফল পাইনি। তাই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি। এর সমাধান না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী বলেন, প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছে রবিবার (আজ) বেলা ১১টায় বিস্তারিত আলোচনা করবে। আমাদের ৫০ শতাংশ করে কক্ষ বরাদ্দ করারও আশ্বাস দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা