× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সদরপুরে প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫ ১২:২৪ পিএম

আপডেট : ১২ জানুয়ারি ২০২৫ ১৫:৫৫ পিএম

শিক্ষা অফিসার সদানন্দ পাল। ছবি : সংগৃহীত

শিক্ষা অফিসার সদানন্দ পাল। ছবি : সংগৃহীত

ফরিদপুরের সদরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সদানন্দ পালের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, হয়রানি ও ঘুষ গ্রহণের অভিযোগ তুলেছেন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষক। স্লিপ বাজেট, বই পরিবহন, বিদ্যালয় মেরামতের বরাদ্দের অর্থ থেকে ঘুষ দাবিসহ নানা দুর্নীতির অভিযোগে শিক্ষকেরা তাকে অভিযুক্ত করেছেন।

সম্প্রতি তার বিরুদ্ধে প্রধান উপদেষ্টা বরাবর একটি অভিযোগপত্র জমা দিয়েছে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা।

সেই অভিযোগপত্র থেকে জানা যায়, সদানন্দ পাল ২০২৩-২৪ অর্থবছরে সদরপুর উপজেলার ১৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ বাজেট থেকে প্রতি বিদ্যালয় প্রধানের কাছ থেকে অডিটের অজুহাতে ৭০০ টাকা করে সংগ্রহ করেছেন সদানন্দ পাল। শিক্ষকদের আপত্তি সত্ত্বেও প্রভাব খাটিয়ে তাদের বাধ্য করা হয় এ অর্থ দিতে।

শিক্ষকদের দাবি, সদানন্দ পাল অফিস করেন নিজের ইচ্ছেমতো। বৃহস্পতিবার দুপুরে অফিস ত্যাগ করে রবিবার বিকেলে ফেরেন। শিক্ষকেরা অভিযোগ করেছেন, তার অনুগতরা বিদ্যালয়ে না গিয়েও নিয়মিত বেতন পাচ্ছেন। আর স্পষ্টবাদী শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা বিভাগীয় মামলা দায়ের করে তাদের হয়রানি করেন তিনি।

চরাঞ্চলে বিদ্যালয় স্থানান্তর ও ঘুষ বাণিজ্য

সদরপুরের তিনটি ইউনিয়নের চরাঞ্চলে বিদ্যালয় স্থানান্তরসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। কটিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ঘর নদীভাঙনের পর বিক্রি করে এর অর্থ সরকারি কোষাগারে জমা না দেওয়ারও অভিযোগ উঠেছে সদানন্দ পালের বিরুদ্ধে।

শিক্ষকেরা আরও জানান, বিদ্যালয় পরিদর্শনের দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষা অফিসার ওয়াহিদ খান মাসে একবারও বিদ্যালয় পরিদর্শনে যান না। এ কারণে চরাঞ্চলের অনেক বিদ্যালয়ে শিক্ষকরা নিয়মিত উপস্থিত হন না এবং অনেক বিদ্যালয় আন্ডার মেট্রিক প্রক্সি শিক্ষকের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

বিদ্যালয় বন্ধ রেখে বিদায়ী অনুষ্ঠানের আয়োজন

শিক্ষকেরা অভিযোগ করেন, সদানন্দ পাল গত বৃহস্পতিবার ৩০টি বিদ্যালয় বন্ধ রেখে একটি প্রধান শিক্ষকের বিদায়ী অনুষ্ঠানে অংশ নেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি নিজেই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি শিক্ষা অফিসার ওয়াহিদ খান, রিপা ঘোষ, ঝিল্লুর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদরপুরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধানরা।

বিদ্যালয় চলাকালীন সময়ে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন সম্পর্কে জানতে চাইলে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন তিনি।

এ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভুক্তভোগী নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানান, তিনি শিক্ষকদের বদলি, বিদ্যালয়ের রুটিন মেইনটেইনেন্স, ওয়াশ ব্লক, প্লেয়িং এক্সেসরিজসহ বিভিন্ন উন্নয়নমূলক খাত থেকে শিক্ষকদের ভয়ভীতি দেখিয়ে ব্যাপক ঘুষ বাণিজ্য করে থাকেন। বদলি, পদায়ন ও তদন্তের নামে নানা কায়দায় শিক্ষকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেন। বিভিন্ন সরকারি দিবসের বরাদ্দ করা টাকা যথাযথভাবে ব্যয় করতে না দেওয়াসহ শিক্ষকদের ভ্রমণ বিল, বিনোদন ভাতা থেকেও টাকা কর্তন করে রাখেন। সদানন্দ পালের রয়েছে কয়েকজন বিশ্বস্ত প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার। তারা মূলত বিভিন্ন বিদ্যালয় ঘুরে এসব ঘুষ বাণিজ্যের টাকা তুলে থাকেন আর এর মূল নেতৃত্ব দেন সদানন্দ পাল। 

অভিযোগের বিষয়ে জানতে সদরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সদানন্দ পালের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

দ্রুত তদন্তের দাবি

সদানন্দ পালের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, বদলি নিয়ে অনিয়ম, বিদ্যালয়ের বরাদ্দ অপব্যবহারসহ বিভিন্ন অভিযোগে দ্রুত তদন্ত এবং তার অপসারণের দাবি জানাচ্ছেন সদরপুর উপজেলার শিক্ষকরা। শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তারা সুষ্ঠু ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে সদরপুর উপজেলার প্রতিটি স্কুলের শিক্ষকরা দাবি জানিয়েছেন, দুর্নীতিবাজ প্রাথমিক শিক্ষা অফিসার সদানন্দ পালের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে শিক্ষাব্যবস্থার উপর নেতিবাচক প্রভাব পড়বে বলে। তার বদলির জন্য উপজেলার সর্বস্তরের মানুষের মধ্যে জোর দাবি উঠেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা