বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫ ২৩:৪২ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীদের দাবির মুখে পোষ্য কোটা বাতিল ঘোষণা করেছে প্রশাসন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সাড়ে সাড়ে ৯টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধির সঙ্গে আলোচনা শেষে পোষ্য কোটা পুরোপুরি বাতিলের ঘোষণা দেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব।
এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় সহায়ক কেবল সহায়ক ও সাধারণ কর্মচারীদের সন্তানদের জন্য বরাদ্দকৃত ১ শতাংশ কোটা বাতিলে দাবিতে বৃহস্পতিবার সকাল ১০টায় প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। ১২ ঘণ্টা পর অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হন রাবি প্রশাসন ভবনে থাকা কর্মকর্তা ও কর্মচারীরা।
রাবির ভিসি সালেহ হাসান নকীব বলেন, আমি কোটা প্রথার বিপক্ষে। ছাত্রদের দাবির আগেই আমরা এ নিয়ে কাজ শুরু করেছিলাম।
এর আগে বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষক ও কর্মকর্তাদের জন্য পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিল করে শুধু মাত্র সহায়ক ও সাধারণ কর্মচারীদের সন্তানদের জন্য ১ শতাংশ কোটা রেখে বিজ্ঞপ্তি প্রকাশ করে। এর প্রেক্ষিতে রাত ৮টায় আন্দোলনকারীরা সংবাদ সম্মেলন করে সকাল ১০টার ভেতর পোষ্য কোটা বাতিল করে নতুন বিজ্ঞপ্তির সময় বেধে দেয় এবং দাবি না মানা হলে সকাল ১০টায় প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দেওয়ার হুশিয়ারি দেয়।