বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫ ২০:০৯ পিএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৫ ২০:৪৫ পিএম
সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিনা অনুমতিতে বহিরাগতদের প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইন-শৃঙ্খলার সুষ্ঠু ব্যবস্থাপনা ও শিক্ষার সার্বিক পরিবেশ সমুন্নত রাখার লক্ষ্যে রাবি ক্যাম্পাসে বহিরাগতদের বিনা অনুমতিতে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করা হলো। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিজ নিজ পরিচয়পত্র সার্বক্ষণিক সঙ্গে রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, আমরা এ বিষয়টা নিয়ে বেশ কিছুদিন আগেই আলোচনা করেছিলাম। আজ সালাহউদ্দিন আম্মার পোষ্য কোটা বাতিলের আন্দোলনে বহিরাগত নিয়ে আসছে, যেটা সে নিজেই স্বীকার করেছে। এজন্য আমাদের সিদ্ধান্তের আরও বেশি প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
প্রথমবর্ষের শিক্ষার্থীরা আইডি কার্ড পায়নি। তাদের বিষয়ে প্রক্টর বলেন, বিষয়টা সহজ করে দেখলেই হবে। তারা ভর্তিকালীন কোনো কাগজ সঙ্গে রাখতে পারে। তাদেরকে ফোনে ছবি তুলে রাখার আহ্বান করছি।
এদিকে সকাল ১০টা থেকে পোষ্য কোটা বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রশাসন ভবনের গেইটে তালা দিয়ে আন্দোলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়কসহ শিক্ষার্থীরা। সকাল থেকে অবরুদ্ধ উল্লেখ করে প্রক্টর আরও বলেন, একশোর বেশি কর্মকর্তাসহ আমরা সকাল থেকে অবরুদ্ধ। এরমধ্যে কয়েকজন অসুস্থ হয়ে গেছেন। তবে এখনও পোষ্য কোটা বাতিলের বিষয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।
বহিরাগত শিক্ষার্থীদের নিয়ে আন্দোলনের বিষয়ে সালাহউদ্দিন আম্মার এক ফেসবুক পোস্টে জানান, ৯ জন শিক্ষার্থী এসেছিল তাদের ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানোর দাবিতে। তাদের ছবি তুলে বহিরাগত বলে সংবাদ করানো হলো এবং তাৎক্ষণিক বহিরাগত নিষিদ্ধের নোটিশ দিল প্রক্টর।