× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিলবোর্ড টাঙিয়ে দোয়া চাওয়া সেই শিক্ষার্থীদের ৪ জন পেল জিপিএ-৫

পাবনা সংবাদদাতা

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২২ ১২:৪২ পিএম

আপডেট : ২৯ নভেম্বর ২০২২ ১৪:২০ পিএম

বিলবোর্ড টাঙিয়ে দোয়া চাওয়া সেই শিক্ষার্থীদের ৪ জন পেল জিপিএ-৫

পাবনার বেড়া উপজেলায় বিলবোর্ড টাঙিয়ে দোয়া চেয়ে আলোচনায় আসা সেই পাঁচ শিক্ষার্থীর মধ্যে চারজন জিপিএ-৫ পেয়েছে। সোমবার (২৮ নভেম্বর) প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলে এ তথ্য জানা গেছে।

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা হলেনবেড়া উপজেলার কাবাসকান্দা গ্রামের ইফতেখার উদ্দিনের ছেলে সুয়াইব আহমেদ সাহেদ, নয়াবাড়ি গ্রামের মোহন মোল্লার ছেলে নাহিদ হাসান, দ্বারিয়াপুর গ্রামের খন্দকার শহিদুল্লার ছেলে সামি খন্দকার ও একই গ্রামের খন্দকার আব্দুল্লাহ আল মামুনের ছেলে খন্দকার মাশরাফি।

তারা উপজেলার কাশিনাথপুর বিজ্ঞান স্কুল থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। তারা পরস্পরের বন্ধু।

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী নাহিদ হাসান বলেন, ‘জিপিএ-৫ পেয়ে অনেক ভালো লাগছে। আমাদের বাবা-মা, আত্মীয়-স্বজন সবাই খুশি। করোনার মাঝে পড়াশোনা খুব একটা ভালো হয়নি। তারপরও চেষ্টা করেছি ভালো করার। যদিও আমাদের মধ্যে একজন অমিত হাসান রাফিদ রেজাল্ট খারাপ করায় খারাপ লাগছে।’

বিলবোর্ড টাঙিয়ে দোয়া চাওয়া কতটুকু কাজে লেগেছে জানতে চাইলে তারা বলেন, ‘অবশ্যই কাজে লেগেছে। দেশবাসীর দোয়া ছিল এবং নিজেরা পরিশ্রম করেছি বলেই ভালো ফল পেয়েছি। সেইসঙ্গে শিক্ষকদের সহযোগিতাও গুরুত্বপূর্ণ ছিল।’

কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে  বলেন, ‘আমাদের স্কুলের পাঁচজন ছাত্র অভিনব কায়দায় দোয়া চাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টিকে আমরা ইতিবাচক হিসেবে দেখেছিলাম। ভালো লাগছে এই ভেবে যে তাদের মধ্যে চারজন জিপিএ-৫ পেয়েছে। আশা করি কৃতিত্ব অর্জনকারী চার শিক্ষার্থী ভবিষ্যতে আরও ভালো করবে।’

জাহিদুল ইসলাম জানান, এ বছর তাদের স্কুলের বিজ্ঞান বিভাগ থেকে ১২৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৯৫ জন।

চলতি বছরের জুন মাসে এসএসসি পরীক্ষার জন্য দোয়া চেয়ে বিলবোর্ড টাঙিয়ে আলোচনায় আসে পাঁচ শিক্ষার্থী। বিষয়টিকে তখন অনেকে ‘সৃজনশীল’, অনেকে ‘অভিনব’ বলেছিলেন।

তবে শিক্ষার্থীদের দাবি ছিল, ভাইরাল হওয়ার জন্য নয়, ভাগ্যের কথা ভেবেই সবার কাছে দোয়া চেয়েছিলেন তারা। তাদের কোনো পূর্ব পরিকল্পনা ছিল না। একটা প্রেসের সামনে দাঁড়িয়ে পাঁচ বন্ধু কথা বলার সময় সেখানে একটি ডিজিটাল বিলবোর্ড দেখে তারা এই পরিকল্পনা করেছিলেন।  

সেই ভাবনা থেকেই ৩টি বিলবোর্ড বানানো হয়। এ জন্য খরচ হয় ১ হাজার টাকা। গত ৫ জুন কাশিনাথপুর মোড়ে ও আশপাশে তিনটি বিলাবোর্ড টাঙানো হয়। ফেসবুকে কেউ একজন বিলবোর্ডের ছবি শেয়ার করলে বিষয়টি ভাইরাল হয়। পরে অবশ্য অনেক নেতিবাচক মন্তব্য দেখে ৭ জুন বিলবোর্ডগুলো নামিয়ে ফেলে তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা