প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪ ১৯:৩০ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে 'জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ'। ২০২২ সালে সাহিত্যবিষয়ক সংগঠনের উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয়ের সাহিত্যচর্চায় আগ্রহী তরুণ শিক্ষার্থীরা। তবে নানা প্রতিবন্ধকতার কারণে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে পারেনি সংগঠনটি। অবশেষে আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে সংগঠনটি আত্নপ্রকাশ করেছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ আনুষ্ঠানিকভাবে টিএসসির সংগঠন হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য আবেদন করেছে। আপাতত সংগঠনটি পাঠচক্র ও সেশনের মাধ্যমে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সংগঠনের আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৫০ তম আবর্তনের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান। সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন সরকার ও রাজনীতি বিভাগের ৫০ তম আবর্তনের শিক্ষার্থী মামুন মিয়া। যুগ্ন আহ্বায়ক হিসেবে রয়েছেন তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৮তম আবর্তনের শিক্ষার্থী আমিরুল আবেদিন আকাশ ও অর্থনীতি বিভাগের ৪৮তম আবর্তনের শিক্ষার্থী সাদিয়া সরোয়ার উল্লাস।
আহ্বায়ক মোস্তাফিজুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে জানান, 'সাহিত্য মূলত চর্চার বিষয়। সেই চর্চার একটা ক্ষেত্র তৈরির লক্ষেই আমাদের এই যাত্রা। আমরা চাই, জাহাঙ্গীরনগরের তরুন লেখকরা তাদের সাহিত্যচর্চার একটা কেন্দ্র খুঁজে পাক। পটপরিবর্তনের এই সময়ে আমাদের সচেতন লেখক তৈরির কাজে এগুতে হবে। এক্ষেত্রে ক্রিয়েটিভ রাইটিং, সাহিত্য সমালোচনা, রাইটিং ওয়ার্কশপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। এই তাগিদ থেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের যাত্রা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ, সাহিত্য চর্চায় একটি আলোড়ন সৃষ্টি করবে বলে আমি বিশ্বাস করি।'
যুগ্ন আহ্বায়ক সাদিয়া সরোয়ার উল্লাস জানান, 'জাহাঙ্গীরনগরে অনেকদিন ধরেই সাহিত্যের জন্য একটি নির্দিষ্ট সংগঠনের তাগিদ ছিল। কিন্তু সাহিত্যকে উন্মুক্তভাবে চর্চা কিংবা উৎসাহিত করার মতো সুযোগ না থাকায় অনেক সময় এ নিয়ে কাজ করা যায়নি। এবার যেহেতু সাহিত্য সংসদ প্রতিষ্ঠা সম্ভব হয়েছে সেহেতু প্রত্যাশা করা যায় আগামী দিনগুলোতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ভালো সাহিত্যিক, অনুবাদক, কবি বের হবেন। শুধু তাই নয়, আমাদের সংগঠনে প্রকাশনির সঙ্গে সরাসরি যুক্ত সদস্য থাকায় সাহিত্যের সঙ্গে সংযোগ করার সুযোগ আরও বেড়েছে।'
আহ্বায়ক কমিটি গঠিত হলেও সংগঠনে সদস্য পদ প্রাপ্তি উন্মুক্ত রাখা হয়েছে। তবে ১৭ ডিসেম্বর প্রকাশিত কমিটির প্রজ্ঞাপনে সদস্য হিসেবে রয়েছেন: নাসরুল্লাহ শারাফাত, তানজিনা তাবাসসুম তন্দ্রা, ফয়সাল রাব্বী, তাসনিম আলম কাব্য, তপু চন্দ্ৰ দাশ, সুলতান মাহমুদ, আরফিন মোননাফ, তাশিন আব্দুল্লাহ, নাহিদুল হক, তারিন তাসনিম, দীপান্বিতা চক্রবর্তী, মিলি আক্তার শ্রাবন্তী, সৌরভ কুমার শুভ, হাফসা আক্তার মীম, ইসরাত ইভা, পাপিয়া সুবর্ণা, জুবায়ের জেমিন, এস আই শিমুল, বাধন বিশ্বাস, সাদমান হক
সংগঠনে উপদেষ্টা হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও রয়েছেন। আহ্বায়ক কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের চেয়ারম্যান ও অধ্যাপক রেজাউল করিম (শামীম রেজা) ও একই বিভাগের প্রভাষক নাহিদুল হাসান নাঈম। উপদেষ্টা পর্ষদে আরও রয়েছেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও কবি আহসান ইমাম।