× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রজাপতির রঙে রঙিন দিন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪ ২০:০৪ পিএম

প্রজাপতির রঙে রঙিন দিন

প্রজাপতি সংরক্ষণ ও গণ-সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল ১৪তম প্রজাপতি মেলা। শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে ‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’Ñ স্লোগান সামনে রেখে জাবি ক্যাম্পাসে প্রজাপতি মেলা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার আয়োজনে প্রজাপতি মেলা উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে এই মেলা। সেখানে সাদা রঙের জালের মধ্যে বাহারি রঙের বিভিন্ন ফুলের টব রাখা হয়। জালের ভেতরে ছিল বিভিন্ন প্রজাতির প্রজাপতি।

দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল শিশু-কিশোরদের জন্য প্রজাপতি বিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী, প্রজাপতির আদলে ঘুড়ি উড্ডয়ন, বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, প্রজাপতি চেনা প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী ও পুরস্কার বিতরণী। মেলা উপলক্ষে প্রজাপতি পার্ক ও গবেষণা কেন্দ্র জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। দিনব্যাপী সেখানে জীবন্ত প্রজাপতি, প্রজাপতিবান্ধব বৃক্ষরাজি ও প্রজনন ক্ষেত্রসহ উন্মুক্ত বাগান ঘুরে দেখেন দর্শনার্থীরা। প্রজাপতির রঙে রঙিন একটি দারুণ দিন অতিবাহিত করেন আগত দর্শণার্থীরা। 

মেলার আয়োজন ঘিরে শিশু-কিশোরদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। হরেক রকমের প্রজাপতির ওড়াউড়ি শিশু-কিশোরদের মনে গভীর আলোড়ন সৃষ্টি করে। সকাল থেকেই রঙিন প্রজাপতির ওড়াওড়ি দেখতে মেলায় ভিড় জমান দর্শনার্থীরা। নগর জীবনের ব্যস্ততা থেকে মুক্তি পেতে একটুখানি প্রশান্তির খোঁজে সাভারের নবীনগর থেকে মেলা উপভোগ করতে আসেন জাবির সাবেক শিক্ষার্থী কামরুন ফারজানা কনিকা। সঙ্গে নিয়ে এসেছেন তার দুই মেয়ে ইনসিয়া ও রাইসাকে। মেলায় এসে মেয়েরা ভীষণ আনন্দিত। প্রজাপতির হাটে রঙ-বেরঙের প্রজাপতি দেখতে তারা ছোটাছুটি করছে এদিক-সেদিক। কনিকা বলেন, ইট-পাথরের শহুরে জীবনে প্রজাপতি দেখা পাওয়া দুর্লভ। প্রতি বছরই প্রজাপতি মেলায় নিয়ে আসি মেয়েদের। তারাও পাপেট শো, গান, ছবি আঁকায় চমৎকার সময় পার করে।

স্কুল শিক্ষিকা মা রেবেকা আক্তারের সঙ্গে মেলা দেখতে এসেছে তৃতীয় শ্রেণির ছোট্ট নুসাইবা কারিম। নুসাইবা বলেÑ দ্বিতীয়বারের মতো প্রজাপতি মেলা দেখতে এসেছি। এখানে রঙ-বেরঙের প্রজাপতি দেখেছি। প্রজাপতি আমার খুব পছন্দ, পছন্দ, এবার প্রজাপতি ধরেছি। আমিও প্রজাপতির মতো উড়তে চাই।

এবারের আসরে প্রকৃতি সম্পর্কিত রিপোর্টিংয়ের জন্য বাটারফ্লাই মিডিয়া অ্যাওয়ার্ড লাভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সদস্য সজীবুর রহমান সজীব। পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের জন্য বন ও প্রকৃতি বিষয়ক সংগঠন ‘প্ল্যানটেশন ফর নেচার’-এর প্রতিষ্ঠাতা সবুজ চাকমাকে ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড ২০২৪’ দেওয়া হয়। এ ছাড়া ‘বাটারফ্লাই ইয়াং ইনথুসিয়াস্ট অ্যাওয়ার্ড ২০২৪’ লাভ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী সাব্বির আহমেদ।

মেলার আহ্বায়ক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন বলেন, প্রজাপতি এই পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। পরাগায়নের মাধ্যমে প্রজাপতি পরিবেশ ও প্রকৃতি এবং বনাঞ্চল রক্ষায় ভূমিকা রাখছে। প্রজাপতিসহ বিভিন্ন পতঙ্গ আমাদের বাস্তুসংস্থান টিকিয়ে রেখেছে। তিনি প্রজাপতি রক্ষায় এর বাসযোগ্য পরিবেশ অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রজাপতিসহ সকল পতঙ্গ টিকিয়ে রাখতে জীববৈচিত্র্যের সঙ্গে সমন্বয় করে দ্রুত মাস্টারপ্ল্যান কার্যকরের দাবি জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, প্রজাপতির কাছ থেকে মানুষের শেখার আছে। প্রজাপতি পরাগায়নের মাধ্যমে কোনো প্রকার ক্ষতি ছাড়াই আমাদের জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ধর্ম, বর্ণ এবং বৈচিত্র্যভেদে মানুষের কাছেও সকল মানুষ নিরাপদ হতে হবে। প্রজাপতির কাছ থেকে শিক্ষা নিয়ে গোটা বিশ্বকে নিরাপদ রাখার শিক্ষা গ্রহণ করতে হবে মানুষকে। সকল ষড়যন্ত্র থেকে নিজেদের মুক্ত রাখতে হবে। 

প্রকৃতির সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

১৪তম এই মেলার টাইটেল স্পন্সর ছিল ‘কিউট’ নামের একটি সংগঠন। সহযোগী সংগঠন হিসেবে ছিল প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন), আরণ্যক ফাউন্ডেশন ও বাংলাদেশ বন বিভাগ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মাফরুহী সাত্তার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আল মাসুদ, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের অধিকর্তা মুকিত মজুমদার বাবু, বন বিভাগের বণ্য প্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক ছানাউল্যা পাটওয়ারী এবং আরণ্যক ফাউন্ডেশনের প্রতিনিধি মুরাদ বিন আজিজ প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা