প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২২ ১৪:২৬ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২২ ১৪:৫৮ পিএম
এসএসসির ফল প্রকাশের পর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। ছবি : প্রবা
সোমবার (২৮ নভেম্বর) দুপুর ১টা। এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আসতে শুরু করেছে ইশরাক, ফরহাদসহ অনেকে।
সকালে ইন্টারনেট বা এসএমএস মারফত ফলাফল জানার পর বন্ধুরা সবাই স্কুলপ্রাঙ্গণে সমবেত হয় আনন্দ ভাগাভাগি করে নিতে। ফলপ্রার্থীদের কেউ এসেছিল নীল-সাদা স্কুলড্রেস পরে।
শিক্ষার্থীদের সঙ্গে আসেন অভিভাবকরাও। ছেলেমেয়ের সাফল্যে উদ্বেলিত হন তারাও। আনন্দ উদযাপনে কেউ ভাসেন আনন্দ অশ্রুতে।
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র ইশরাক হোসেন সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছে।
দারুণ ফলের অনুভূতি জানাতে গিয়ে ইশরাক বলে, ‘কোভিড-১৯ মহামারির কারণে স্কুলে আসতে পারিনি। পড়াশোনায়ও অনেক ব্যাঘাত হয়েছে। সবকিছু ছাপিয়ে এই ফল এসেছে। আনন্দটা বলে বোঝাতে পারব না। বাবা-মা, শিক্ষক সবার কাছে ঋণী হয়ে থাকব আমরা। তারা যে অবদান রেখেছেন, তা অতুলনীয়।’
এসএসসির ফল প্রকাশের পর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। ছবি : প্রবা
সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছে বিজ্ঞান বিভাগের ইহতিয়াম তাবাসসুম। মা সৈয়দা বদরুন্নেসাকে সঙ্গে নিয়ে সে এসেছে প্রিয় স্কুলপ্রাঙ্গণে।
তাবাসসুম প্রতিদিনের বাংলাদেশকে বলে, ‘কোভিডের পর হঠাৎ বন্যার কারণে পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছিল। প্রথমে একটু হতোদ্যম হয়ে পড়ি৷ কিন্তু পরে নিজেই নিজেকে বোঝাই ভেঙে পড়লে চলবে না। পুরোদমে পড়াশোনা চালিয়ে গেছি। আজ তার ফল পেয়েছি।’
জিপিএ-৫ পাওয়ার আনন্দ ভাগাভাগি করে নিতে এসেছিল তাসমিয়া এশা, সৈয়দা মুশফিকা আহমেদ, তানাজ আনোয়ারসহ অনেকে।
উমর ফারুক মেতেছিল বন্ধু আরমান ও শাওনদের নিয়ে। তাদের অনেকেই সব বিষয়ে জিপিএ-৫ পায়নি। তবু বাঁধভাঙা আনন্দে শামিল হতে তো বাধা নেই এদিন।
মেয়ে অস্মিতা সাহা পুস্পি জিপিএ-৫ পেয়েছে সব বিষয়ে। পুস্পি বন্ধুদের সঙ্গে আনন্দ উদযাপন করতে আগেই চলে এসেছিল স্কুলপ্রাঙ্গণে। হইহল্লার একপর্যায়ে দেখে বাবা পার্থ সাহা এসেছেন মা উমা সাহাকে নিয়ে। বন্ধুদের জটলা ছেড়ে সে একদৌড়ে গিয়ে জাপটে ধরে বাবা-মাকে।
আনন্দ অশ্রুতে ভেসে গিয়ে মা-মেয়ে কথা বলতে পারলেন না। পার্থ সাহা বলেন, ‘শত কাজের ভিড়ে মেয়েকে কতটা সময় দিতে পারি? মেয়ের সাফল্যের এ মুহূর্তটা তার সঙ্গেই উদযাপন করব বলে অফিস থেকে ছুটি আগেই চেয়ে রেখেছিলাম। আমি শতভাগ নিশ্চিত ছিলাম, মেয়ে সব বিষয়ে এ প্লাস পাবে। তার মায়ের টেনশন একটু বেশিই ছিল। মেয়ের এ ফললাভে তার অবদানই বেশি।’
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদী পরে সাংবাদিকদের জানান, এ বছর এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২ হাজার ৬৭৮ জন অংশ নেওয়ার কথা ছিল এসএসসি পরীক্ষায়। তার মধ্যে সাতজন পরীক্ষায় অংশ নিতে পারেনি। মোট ২ হাজার ৬৭১ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ২ হাজার ৬৬১ জন। ফেল করেছে ১০ জন।
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ায় মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীকে জড়িয়ে ধরেন স্বজনরা। ছবি : প্রবা
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১৮২ জন। জিপিএ-৫ প্রাপ্তির হার ৮২ শতাংশ। পাসের হার ৯৯ দশমিক ৬৩ শতাংশ।
এ বছর এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দেয় ২ হাজার ৩১৬ জন। তার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৩৯ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে অংশ নিয়েছিল ৩৪৫ জন, জিপিএ-৫ পেয়েছে ১৪৩ জন।