× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গবেষণা

ঢাকায় বাইরের চেয়ে বেশি বিপজ্জনক ঘরের বায়ুদূষণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪ ২১:৫০ পিএম

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪ ২২:০২ পিএম

ঢাকায় বাইরের চেয়ে বেশি বিপজ্জনক ঘরের বায়ুদূষণ

রাজধানী ঢাকায় বাইরের বায়ুদূষণের পাশাপাশি ঘরের ভেতরেও বায়ুদূষণ হচ্ছে। যা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। ঘরের ভেতরের বায়ুদূষণের ফলে শ্বাসযন্ত্রের রোগ, হৃদরোগ, ফুসফুস ক্যানসার, কম ওজনের শিশুর জন্ম, মস্তিষ্ক বিকাশজনিত সমস্যা, মানসিক স্বাস্থ্যের অবনতি এবং অপমৃত্যুর মতো গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। এর মধ্যে শিশু, বৃদ্ধ ও বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিরা সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে আছে।

সোমবার (২ ডিসেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগে আয়োজিত সংবাদ সম্মেলনে এয়ার কোয়ালিটি, ক্লাইমেট চেইঞ্জ অ্যান্ড হেলথ (এসিএইচ) ল্যাবের প্রধান ও বিভাগের সহযোগী অধ্যাপক সাখাওয়াত হোসেন এসব তথ্য জানান।

এর আগে গত ১১ অক্টোবর ‘ইনডোর এনভায়রনমেন্ট’ জার্নালে ঢাকায় ঘরের ভেতরের বায়ুদূষণ সম্পর্কে ‘ক্যারেক্টারাইজিং ইনডোর এয়ার কোয়ালিটি অ্যাট হোম মাইক্রো এনভায়রনমেন্ট ইন ঢাকা সিটি’ শীর্ষক একটি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়। গবেষণায় ঢাকার ৪৩টি ঘরের ভেতরের পিএম-২.৫ দূষণের মাত্রা নির্ণয় এবং বায়ুমান উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ প্রভাবকগুলো চিহ্নিত করা হয়েছে।

গবেষক দলের সদস্যরা হলেনÑ এসিএইচ ল্যাবের প্রধান ও বিভাগের সহযোগী অধ্যাপক সাখাওয়াত হোসেন, এসিএইচ ল্যাবের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট (আরএ) আফসানা ইয়াসমিন, ইমরান আহমেদ, মারিয়া হায়দার ও মো. কামাল হোসেন এবং পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক (বায়ুমান ব্যবস্থাপনা) মোহাম্মদ আব্দুল মোতালিব। 

গবেষণার ফলাফলে দেখা যায়, ঘরের ভেতরে গড় দূষণের মাত্রা ছিল প্রতি ঘনমিটারে ৭৫ দশমিক ৬৯ মাইক্রোগ্রাম, যা বিশ্বস্বাস্থ্য সংস্থার নীতিমালার চেয়ে প্রায় পাঁচগুণ বেশি। এ ছাড়া কয়েকটি ঘরে দূষণের মাত্রা ছিল প্রতি ঘনমিটারে ২০০ মাইক্রোগ্রামের বেশি, যা বাসিন্দাদের জন্য বেশ ঝুঁকিপূর্ণ। বিশ্বের অনেক শহরের তুলনায় ঢাকায় ঘরের ভেতরের বায়ুদূষণের মাত্রা অনেক বেশি উদ্বেগজনক। ঘরের জানালা বা অন্য ছিদ্র দিয়ে বাইরের দূষিত বায়ুর প্রবেশ ঘরের ভেতরের বায়ুদূষণের কারণগুলোর মধ্যে অন্যতম।

গবেষণায় উল্লেখ করা হয়, প্রথমত বাইরের বায়ুর অনুপ্রবেশের কারণে প্রায় ৪০ শতাংশ ঘরের ভেতরের বায়ুদূষণ হচ্ছে। দ্বিতীয়ত দীর্ঘসময় ধরে রান্না করার কারণে ঘরের ভেতরের বায়ুদূষণ হচ্ছে। কেননা রান্নার সময় ঘরের ভেতরের বাতাসে পিএম-২.৫-এর মাত্রা বৃদ্ধি পায়, বিশেষ করে যখন প্রতিবার রান্নার সময়কাল দেড় ঘণ্টার বেশি হয়। তবে যারা নিয়মিত ঘর পরিষ্কার করে, তাদের ঘরের দূষণ তুলনামূলক কম। এ ছাড়া ১২০০ বর্গফুটের বেশি আয়তনের বাড়িতে দূষণের মাত্রা বেশি।

সংবাদ সম্মেলনে সাখাওয়াত হোসেন জানান, ২০১৯ সালের ‘স্টেট অব গ্লোবাল এয়ারের’ প্রতিবেদন অনুযায়ী, ঘরের ভেতরের বায়ুদূষণ বাংলাদেশের চতুর্থ প্রধান মৃত্যুঝুঁকির কারণ। এর ফলে প্রতিবছর ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটছে। ঘরের ভেতরের বায়ুতে ক্ষতিকর পদার্থ জমা হওয়ায় নারী ও শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, কারণ তারা বেশিরভাগ সময় ঘরের ভেতরে কাটায়।

তিনি আরও বলেন, মানুষ দিনের প্রায় ৬০ থেকে ৬৫ শতাংশ সময় ঘরে কাটায়। মানুষের দৈনন্দিন বায়ুদূষণের একটি বড় অংশ ঘরের ভেতরে শ্বাস নেওয়ার মাধ্যমে শরীরে প্রবেশ করে। আমরা সাধারণত বাইরের দূষণ সম্পর্কে সচেতন থাকি, কিন্তু ঘরের ভেতরের দূষণ সম্পর্কে অনেকে জানি না। যেহেতু ঘরের ভেতরের দূষণকে এড়িয়ে চলা সম্ভব নয়, তাই দূষণ কমাতে উৎসগুলো চিহ্নিত করে তা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও বলেন, বাইরের দূষিত বায়ুর প্রবেশ রোধে ঘরের জানালা ও বায়ু চলাচল ব্যবস্থার উন্নয়ন অত্যন্ত জরুরি, যা ঘরের ভেতরের বায়ুর মাত্রা উন্নত করতে কার্যকর ভূমিকা রাখবে। রান্নার সময় দূষণ কমাতে পরিবেশবান্ধব ও উন্নতমানের চুলার ব্যবহার নিশ্চিত করা উচিত, যা বিশেষত নারীদের স্বাস্থ্যরক্ষায় গুরুত্বপূর্ণ। একই সঙ্গে জনগণকে গৃহস্থালি বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে ব্যাপক প্রচার কার্যক্রম চালানো প্রয়োজন।

গবেষক দলের আরেক সদস্য আফসানা ইয়াসমিন বলেন, ‘উৎসগুলো আমরা চিহ্নিত করতে পেরেছি। তাই যখন বাইরে দূষণের মাত্রা বেশি থাকে, তখন ঘরের জানালা বন্ধ রাখার মাধ্যমে বা এসি ব্যবহার করে বাইরের বায়ুর অনুপ্রবেশ রোধ করা যেতে পারে। এ ছাড়া রান্নার সময় রান্নাঘরের ভেন্টিলেশন ব্যবস্থা নিশ্চিত করা এবং ঘর নিয়মিত পরিষ্কার রাখা ঘরের ভেতরের দূষণ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা