বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪ ২০:৫৮ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪ ২০:৫৯ পিএম
ক্রিকেট খেলা অবস্থায় ‘হার্ট অ্যাটাকে’ আক্রান্ত হয়ে মারা গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থী মেহেদি হাসান সিয়াম।
রবিবার (১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাবাশ বাংলাদেশ মাঠে এ ঘটনা ঘটে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস।
সিয়াম বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নে।
সহপাঠী সূত্রে জানা যায়, বিকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে ক্রিকেট টুর্নামেন্টে খেলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সিয়াম। তখন সহপাঠীরা তার প্রাথমিক সেবা দেয়। একপর্যায়ে অজ্ঞান হয়ে পড়ে সিয়াম। পরে সহপাঠীরা তাকে প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) রেফার করেন। এরপর রামেকের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আইন ও ভূমি প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শাহরিয়ার পারভেজ বলেন, আনুমানিক পৌঁনে ৪টার দিকে জানতে পারি সিয়াম অসুস্থ হয়ে পড়ে। তখন তাকে রাবির চিকিৎসাকেন্দ্রে তারপর রামেকে নিলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, বিকাল সাড়ে ৪টা নাগাদ সিয়াম নামের বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে জরুরি বিভাগে নিয়ে আসে। আমাদের চিকিৎসকরা প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। তবে প্রাথমিকভাবে হার্ট অ্যাটাক হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, সিয়ামের লাশ কেন্দ্রীয় মসজিদের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে প্রথম জানাজা শেষে তার লাশ গ্রামের বাড়িতে পাঠানো হবে।