প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪ ০৯:২৭ এএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৪ ১০:৪২ এএম
ছবি : সংগৃহীত
গুচ্ছ ভর্তি পদ্ধতি থেকে একে একে বেরিয়ে আসছে দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়। ফলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিতে এ পদ্ধতি থাকবে কি না সে শঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় গুচ্ছ ভর্তি পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে বুধবার সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক এম আমিনুল ইসলামের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হবে।
এর আগে মঙ্গলবার (২৬ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তিসংক্রান্ত মতবিনিময় সভা ২৭ নভেম্বর সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) প্রফেসর ড. এম আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় সংশ্লিষ্ট উপাচার্যদের উপস্থিত থাকার অনুরোধ করা হলো।
জানা গেছে, শুধু গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয় নয়, এরই মধ্যে প্রকৌশল গুচ্ছও ভেঙে যাচ্ছে। এ গুচ্ছের তিন বিশ্ববিদ্যালয়ের মধ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
এ ছাড়া কৃষি গুচ্ছ থেকে বেরিয়ে এককভাবে ভর্তি পরীক্ষার আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয়। এ বিষয়ে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়টির অ্যাকাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।