তিন শিক্ষার্থীর মৃত্যু
গাজীপুর ও শ্রীপুর প্রতিবেদক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪ ১৯:১৬ পিএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৪ ১৯:২৪ পিএম
গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সাত কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রবিবার (২৪ নভেম্বর) ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জিএম আকমল হোসেন বরখাস্তের সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেনÑ ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ডেপুটি উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম, সদর-কারিগরি) কমলেশ চন্দ্র বর্মন, উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম, মাওনা জোনাল অফিস) খোন্দকার মাহমুদুল হাসান, সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) তানভীর সালাউদ্দিন, জুনিয়র প্রকৌশলী মতিউর রহমান, লাইনম্যান পারভেজ মিয়া, শাখাওয়াত হোসেন ও আবুল কাশেম।
জিএম আকমল হোসেন বলেন, গত শনিবার সকালে গাজীপুরের শ্রীপুরে আইইউটির পিকনিক বাসে বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সাতজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার পরপরই বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে, এ ঘটনায় গাজীপুর জেলা প্রশাসনের পক্ষে তিন সদস্যবিশিষ্ট ও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছে গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি কর্তৃপক্ষ। গতকাল রবিবার দুপুর আড়াইটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ২৫ নভেম্বর থেকে বুধবার ২৭ নভেম্বর পর্যন্ত গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) শোক ঘোষণা করা হয়েছে। এই দিবসগুলোতে ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টির পতাকা অর্ধনমিত থাকবে। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের মসজিদে গত শনিবার রাতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম। তিনি বলেন, দুর্ঘটনায় আহত শিক্ষার্থীরা বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। বিশ্ববিদ্যালয় আহত ছাত্রদের সর্বোত্তম যত্ন এবং সব রকম সহায়তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তিন দিনের শোক ঘোষণা ও আগামী এক সপ্তাহ বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। পাশাপাশি আইইউটি পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হবে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আইইউটি থেকে নিহতদের পরিবার পরিদর্শন করবে।