প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২২ ১৬:২১ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২২ ১৭:১৬ পিএম
ছবি : সংগৃহীত
দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে ২০ লাখের বেশি শিক্ষার্থীর। আগামীকাল সোমবার (২৮ নভেম্বর) প্রকাশ করা হবে ২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল। সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন।
এরপর বেলা ১২টা থেকে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল পাওয়া যাবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বেলা ১২টায় শিক্ষার্থীরা ফল জানতে পারবে। আর বেলা ১টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফল বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন।
এ বছর নয়টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে। তার মধ্যে নয়টি সাধারণ বোর্ডে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১৫ লাখ ৯৯ হাজার ৭১১, দাখিলে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ আর কারিগরি বোর্ডের আওতায় এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৫৩ হাজার ৬৬২ জন পরীক্ষার্থী রয়েছে। এছাড়া দেশের বাইরের আটটি দেশ থেকে পরীক্ষায় অংশ নেয় ৩৬৭ জন পরীক্ষার্থী।
২০২১ সালের তুলনায় এ বছর পরীক্ষার্থী কমেছ ২ লাখ ২১ হাজার ৩৮৬ জন। মোট প্রতিষ্ঠান বেড়েছে ৫৫৬টি এবং কেন্দ্র বেড়েছে ১১১টি।
ওয়েবসাইটে ফল জানা যাবে যেভাবে
রেজাল্টের ওয়েবসাইট http://www.educationboardresults.gov.bd থেকে ফল জানা যাবে। ওয়েবসাইটে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, বোর্ড ও বছর সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। প্রতিষ্ঠান প্রধানরা ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএনের মাধ্যমে ফল ডাউনলোড করতে পারবেন।
এসএমএসে ফল জানবেন যেভাবে
ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোন থেকে এসএমএস পাঠিয়েও ফল জানতে পারবে শিক্ষার্থীরা। এসএমএস অপশনে SSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2022 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।
দাখিলের ফল পেতে Dakhil লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2022 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।
কারিগরি বোর্ডের ক্ষেত্রে SSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2022 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।
রীতি অনুযায়ী প্রতিবছর ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা হয়ে আসলেও করোনা মহামারির কারণে গত দুই বছর পাল্টে গেছে শিক্ষাসূচি। এবার সাড়ে চার মাস পিছিয়ে গত ১৯ জুনে পরীক্ষা নেওয়ার কথা ছিল। পরে দেশের বিভিন্ন জেলায় বন্যার কারণে পরীক্ষা আরও তিন মাস পিছিয়ে ১৫ সেপ্টেম্বর শুরু হয়। এর আগে গত বছর নয় মাস পিছিয়ে নভেম্বরে সংক্ষিপ্ত সিলেবাসে তিন বিষয়ে এ পরীক্ষা নেওয়া হয়।
করোনা মহামারিতে ‘প্রস্তুতির ঘাটতি’ থাকায় এ বছর পুনর্বিন্যস্ত পাঠ্যসূচিতে পরীক্ষা নেওয়া হয়। ধর্ম ও নৈতিক শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞান—এসব বিষয়ে পরীক্ষা না নিয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়নের সিদ্ধান্ত হয়।