চট্টগ্রাম পলিটেকনিক
চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪ ১৯:২৫ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৪ ১৯:২৫ পিএম
চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে হোস্টেল দখলকে কেন্দ্র করে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই ধাওয়া-পাল্টা ধাওয়ার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক ছাত্রদলকে দায়ী করলেও ছাত্রদলের অভিযোগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিবিরের নেতাকর্মীরা হোস্টেল দখলের চেষ্টা করছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকাল ৩টার দিকে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে এই ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
চট্টগ্রাম মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) ফসসাল আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ইনস্টিটিউটের বন্ধ থাকা দুটি হোস্টেল খোলাকে কেন্দ্র করে ‘শিবির’ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্য ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সেখানে পুলিশ মোতায়েন ছিল। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। বাইরে তিনজন আহত হয়েছে।’
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী আন্দোলনের চট্টগ্রাম কলেজের সমন্বয়ক ইবনে হোসাইন জিয়াদ ও হাজী মোহাম্মদ মহসিন কলেজের সমন্বয়ক এজিএম বাপ্পী। তিনি বলেন, ‘চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে সাধারণ ছাত্রদের ওপর ছাত্রদলের নেতাকর্মীরা হামলা করেছে।’
এ সময় নিজেদের সাধারণ শিক্ষার্থী দাবি করে একজন বলেন, ‘প্রশাসন হোস্টেল খোলার জন্য রাজি হয়েছে। কিন্তু ছাত্রদল হোস্টেল না খোলার জন্য চাপ দেয় প্রশাসনকে। এ জন্য প্রশাসন তালিকা প্রকাশ করেনি। গতকাল শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তালিকা প্রকাশ করা হয়। সেটিকে কেন্দ্র করে ঝামেলা করছে ছাত্রদল। ছাত্রদলের ভয় ছাত্রাবাস চালু হলে শিবিরের কার্যক্রম চাঙা হবে। সেই ভয়ে হোস্টেল খুলতে দিচ্ছে না ছাত্রদল।’
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব বলেন শরীফুল ইসলাম তুহিন বলেন, ‘চট্টগ্রাম কলেজের স্টাইলে অন্যায়ভাবে শিবির পলিটেকনিকেও হল দখলের চেষ্টা করছে। তারা ছাত্রলীগের মত হেলমেট পড়ে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। খবর পেয়ে আমরা গেছি। বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের আড়ালে তারা এসব করছে। অথচ ক্যাম্পাসে সকল শিক্ষার্থীর অধিকার আছে। সব সংগঠনের রাজনীতি করার অধিকার আছে। তারা সেটা মানতে চায়না।’
বহিরাগতদের নিয়ে ছাত্রদলের ক্যাম্পাসে যাওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তুহিল পাল্টা প্রশ্ন করেন , ‘চট্টগ্রাম কলেজ মহসিন কলেজের সমন্বয়কদের পলিটেকনিকে কাজ কী? তারা কী ওই ক্যাম্পাসের ছাত্র নাকি? তারাওতো বহিরাগত।’