প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪ ২০:৪৩ পিএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৪ ২০:৪৪ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরে কমিশন গঠনের দাবিতে সচিবালয়ে অনশনে বসেছেন কলেজটির ১৪ শিক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে দাবি পূরণে আশ্বাস না পাওয়ায় সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে তারা সচিবালয়ের করিডোরে অনশন শুরু করেন।
এদিকে তাদের অনশনের খবরে কলেজটির শিক্ষার্থীরা ফের রাজধানীর মহাখালীতে অবস্থিত কলেজের সমনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সোমবার রাত ৮টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীদের বিক্ষোভ চলমান রয়েছে।
শিক্ষার্থীদের এই অবরোধের কারনে মহাখালীর আমতলী মোড় থেকে গুলশান-১ অভিমুখী রাস্তার দুই পাশেই সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে আশপাশের সড়কে আটকে থাকা যাত্রীরা আবারও ভোগান্তিতে পড়েছেন।
এর আগে বেলা ১১টার দিকে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মহাখালী রেলক্রসিং এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেন। পরে বিকাল ৪টা তারা অবরোধ শেষ করেন।বৈঠকের পর সন্ধ্যায় কোনো ইতিবাচক ফল না আসায় সাড়ে ৬টার দিকে শিক্ষার্থীরা নতুন করে তিতুমীর কলেজের সামনের সড়ক অবরোধ করেন।