জবি সংবাদদাতা
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২২ ১৩:৫৪ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২২ ১৪:২৬ পিএম
গ্রাফিতিতে পেলে, ম্যারাডোনা, রোনালদো, মেসি, নেইমারসহ বিভিন্ন তারকা ফুটবলার জায়গা পেয়েছেন
‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফিফা ফুটবল বিশ্বকাপের উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে দিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে ফুটবলারদের নান্দনিক গ্রাফিতি অঙ্কন করা হয়েছে। চারুকলা বিভাগের দুই শিক্ষার্থীর একান্ত প্রচেষ্টায় ক্যাম্পাসের বিভিন্ন ভবনের দেয়ালে এ গ্রাফিতিগুলো অঙ্কন করা হয়।
চারুকলা বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী সাব্বির হোসাইন ও ১২তম ব্যাচের উচ্ছ্বাস দাসের পরিকল্পনা ও চেষ্টায় এটি করা হয়েছে। সরেজমিন দেখা যায়, বিজ্ঞান অনুষদে গণিত বিভাগের ভবনের দুই পাশ, কাঁঠালতলায় বজলুর রহমান মিলনায়তন ও উপাচার্য ভবনের পেছনে গ্রাফিতিগুলো অঙ্কন করা হয়েছে। এসব গ্রাফিতিতে পেলে, ম্যারাডোনা, রোনালদো, মেসি, নেইমার, লুকা মদ্রিক, এমবাপ্পে, নুয়্যারসহ বিভিন্ন তারকা ফুটবলার জায়গা পেয়েছেন।
অসাধারণ এ গ্রাফিতি অঙ্কন নজর কেড়েছে সবার। ফুটবলারদের গ্রাফিতি অঙ্কন দেখত ভিড় জমাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকেই। গ্রাফিতির সামনে আর পাশে দাঁড়িয়ে আনন্দের সঙ্গে ছবি তুলতে দেখা গেছে অনেককে।
গ্রাফিতি অঙ্কন করা সাব্বির হোসাইন বলেন, ‘বিশ্বকাপ ফুটবল নিয়ে সারা দেশে উন্মাদনা চলছে, বিভিন্ন ক্যাম্পাস এবং হলগুলোয় কালার ফুল ওয়াল পেইন্ট করা হচ্ছে। কিন্তু আমাদের ক্যাম্পাসে এ নিয়ে কেউ কিছু করছে না। তাই ভাবলাম আমরা শুরু করি। আর আমাদের বাজেট না থাকায় স্টেনসিল পদ্ধতিতে কম খরচে গ্রাফিতিগুলো করি। এতে আমাদের কয়েকজন সিনিয়র সহযোগিতা করেছেন। আর আমরা ফুটবলের কিংবদন্তি এবং বর্তমান সময়ের তারকা ফুটবলারদের পোর্ট্রেটগুলো করার জন্য সিলেক্ট করি।’
তিনি বলেন, ‘আমাদের কাজগুলো তৈরি করতে লাগছে চার থেকে পাঁচ ঘণ্টা এবং দেয়ালে বসাতে দুই থেকে তিন ঘণ্টা। সব মিলে ছয় থেকে সাত ঘণ্টায় চারটি স্থানে করতে পেরেছি।’ তিনি আরও বলেন, ‘গ্রাফিতিগুলো অঙ্কন করতে আমাদের বেশকিছু সমস্যার পড়তে হয়েছে। প্রথমত আমাদের ক্যাম্পাসের দেয়ালগুলো লিফলেট আর পোস্টারে ছেয়ে রয়েছে, রং করা খুবই কঠিন। স্প্রে পেইন্টে কাজ করতে হলে পরিষ্কার দেয়ালের প্রয়োজন পড়ে। আমরা ক্যাম্পাসের চারটি পয়েন্টে কাজগুলো করেছি এবং আরও কিছু স্থানে বেশকিছু গ্রাফিতি করার পরিকল্পনা করছি।’