বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪ ২০:৪৬ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৪ ২০:৪৬ পিএম
আগামী দুই সপ্তাহের মধ্যে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করতে আল্টিমেটাম দিয়েছে আন্দোলনরত চাকরিপ্রত্যাশীরা। আগামী ৩০ নভেম্বরের মধ্যে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ছেলেদের জন্য ৩৫ ও মেয়েদের জন্য ৩৭ করে প্রজ্ঞাপন জারি করার আহ্বান জানিয়েছে তারা। এছাড়া আগামী ২৪ নভেম্বর শাহবাগে মহাসমাবেশের ঘোষণাও দিয়েছেন চাকরিপ্রত্যাশীরা
রবিবার (১৭ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ক্যাফেটেরিয়ার সামনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা। সংবাদ সম্মেলনে, আগামী ২৪ নভেম্বর বেলা ১১টায় রাজধানীর শাহবাগে মহাসমাবেশের ডাক দিয়েছে ৩৫ প্রত্যাশী ঐক্য পরিষদ।
এ সময় বিগত সরকারের মতো, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধেও সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন তারা। এদিকে ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়ার আগে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান আন্দোলনকারীরা। দাবি মেনে না নিলে ক্রমান্বয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ৩৫ প্রত্যাশীরা।
সংবাদ সম্মেলনে আল আমীন রাজু বলেন, ২০১২ সাল থেকে এখনও পর্যন্ত আমাদের আন্দোলন চলমান। সম্প্রতি এ বিষয়ে সরকার কমিশন গঠন করেছে। কমিশন ছেলেদের ক্ষেত্রে ৩৫ মেয়েদের ৩৭ বছরের সুপারিশ দিয়েছে। কিন্তু সরকার তা না মেনে ৩২ বছর নির্ধারণ করেছে। যেটা আমরা প্রত্যাখ্যান করেছি এবং আন্দোলন চলমান রেখেছি। যার কারণে পুলিশের হামলার শিকারও হয়েছি। এ সময় তিনি ৩০ নভেম্বরের মধ্যে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ছেলেদের জন্য ৩৫ ও মেয়েদের জন্য ৩৭ করে প্রজ্ঞাপন জারি করার আহ্বান জানান।
আরেক আন্দোলনকারী এম এ আলী বলেন, বিগত সরকারের আমলে আমাদের বিভিন্নভাবে হেনস্তা করা হয়েছে, তারপরও আমরা দমে যাইনি। কারণ আমরা একটি যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছি। গত সরকার আমাদের আন্দোলনকে বন্ধ করে দেওয়ার জন্য স্বৈরশাসকের ভূমিকায় গিয়েছিল। এই সরকারও দেখি তাই করছে। তাহলে গত সরকার ও এই সরকারের মধ্যে পার্থক্য কোথায়? আমরা চাই, অনতিবিলম্বে আমাদের দাবি মেনে নেওয়া হোক। নয়তো আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব।
এছাড়া সংবাদ সম্মেলনে বাংলাদেশ সিভিল সার্ভিসের ১২টি ক্যাডারে বয়স উন্মুক্তের কথা বলেন সঞ্জয় কুমার দাস। তিনি বলেন, ১২টি ক্যাডারে বয়স উন্মুক্ত করে বাকি ক্যাডারগুলোতে আবেদনের বয়সসীমা ৩৫ করা হোক।