বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪ ২১:৩৩ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৪ ২১:৩৬ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এ কমিটিতে রয়েছেন ২৪২ জন সদস্য।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়েছে।
কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কমিটি অনুমোদন করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ২৪২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হলো।
এর আগে, এ বছরের ১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৭ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। এতে সভাপতি হন গণেশ চন্দ্র রায়, আর সাধারণ সম্পাদক হন নাহিদুজ্জামান শিপন।
এর প্রায় সাড়ে ৮ মাস পর ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে ১৪ জনকে সহ-সভাপতি, ৪৩ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদক এবং ৩৯ জনকে সহ-সাংগঠনিক পদে রাখা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতনের পর এটি আমাদের প্রথম পূর্ণাঙ্গ কমিটি। অনেকের চাওয়া এবং প্রত্যাশা ছিল কমিটি পাওয়ার। আমরা চেষ্টা করেছি পূরণ করার।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মাঝে ছাত্ররাজনীতি সম্পর্কে একটি নেতিবাচক ধারণা রয়েছে। ছাত্রলীগের দখলদারিত্বের রাজনীতির বিপরীতে গিয়ে একটি গণতান্ত্রিক ও শিক্ষার্থীদের চাহিদাভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে ইতিবাচক দিক তুলে ধরার চেষ্টা করব এ কমিটির মাধ্যমে।