এইচএসসি
চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪ ১৯:০০ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৪ ১৯:৫৭ পিএম
এইচএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণ ফলাফলে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে আরও ১০১ জন শিক্ষার্থী পাস করছেন। একই সঙ্গে নতুন করে ৬১ জন জিপিএ ৫ অর্জন করেছেন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পুনঃনিরীক্ষণের ফলাফল ঘোষণা করা হয়। এবারে মোট ২২ হাজার ৩২৪ জন শিক্ষার্থী ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন।
পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ এম এম মুজিবুর রহমান জানান, আবেদনকারীদের মধ্যে ফেল থেকে পাস করেছে ১০১ জন, গ্রেড পরিবর্তিত হয়েছে এমন পরীক্ষার্থীর সংখ্যা ৪২৮। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৬১ জন। নম্বর বাড়লেও ফেল থেকে গেছে এমন শিক্ষার্থীর সংখ্যা ৭১ জন।
তিনি জানান, ৬৮ হাজার ২৭১টি উত্তরপত্র পুনঃনিরীক্ষার বিপরীতে ১৮৪৬টি উত্তরপত্রে প্রাপ্ত নম্বরের পরিবর্তন হয়েছে এবার।
এর আগে ১৫ অক্টোবর এইচএসসির ফলাফল ঘোষণা হয়। ঘোষিত ফলাফলে চট্টগ্রাম বোর্ডে পাসের ছিল ৭০ দশমিক ৩২। জিপিএ-৫ পেয়েছেন ১০ হাজার ২৬৯ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৪ হাজার ৫১০, ছাত্রী ৫ হাজার ৭৫৯।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবার মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে উপস্থিত পরীক্ষার্থী ১ লাখ ৫ হাজার ৪১৬। পাস করেছেন ৭৪ হাজার ১২৫ জন। উপস্থিত ছাত্রীর সংখ্যা ৫৭ হাজার ৩৩৩, ছাত্র ৪৮ হাজার ৮৩। ছাত্রীর পাসের হার ৭২ দশমিক ৪৯, ছাত্র পাসের হার ৬৭ দশমিক ৭২। এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ১৭ হাজার ৬৯৭ জন।