রাবির সাংবাদিকতা বিভাগ
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪ ২১:৫৫ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৪ ২১:৫৯ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অব্যাহতিপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. মুশতাক আহমেদের চেম্বার এবং লকার থেকে পরীক্ষার নথিপত্র উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও মতিহার থানা পুলিশের উপস্থিতিতে নথিপত্র উদ্ধার করা হয়।
ফলাফল প্রকাশের দাবিতে গত বুধবার তিন শিক্ষার্থী বিভাগে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। তার প্রেক্ষিতে ফল প্রকাশের জন্য অধ্যাপক মুশতাক আহমেদের ব্যক্তিগত লকার ও চেম্বারের তালা ভাঙা হয়।
বিভাগ সূত্রে জানা যায়, লকার ও চেম্বারের তালা ভাঙার পর সেখান থেকে মাস্টার্সের নন-থিসিসের মৌখিক পরীক্ষার ৩৮ জনের ফল পাওয়া গেছে। এ ছাড়া সন্ধ্যাকালীন কোর্সের কিছু গুরুত্বপূর্ণ নথি পাওয়া গেছে। তবে মাস্টার্সের তিনজনের থিসিসের মৌখিক পরীক্ষার ফল পাওয়া যায়নি।
এই বিষয়ে বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন বলেন, ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর (মাস্টার্স) পরীক্ষা শেষ হওয়ার ১০ মাস পরও আমাদের ফল প্রকাশ করা হয়নি। বারবার প্রকাশের দাবি জানালেও বিভাগ কর্তৃপক্ষ শুধু আশ্বাস দিয়ে আসছে। বিভাগের এক শিক্ষকের স্বেচ্ছাচারিতার জন্য ফল নাকি আটকে আছে। স্নাতকোত্তরের ফল প্রকাশ না হওয়ায় ব্যাচের অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে পারছেন না। সেই সঙ্গে চাকরির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও আবেদন করতে পারছেন না। এতে অনেকেই হতাশায় ভুগছেন। তার প্রেক্ষিতে আমরা অবস্থান কর্মসূচি করছিলাম। আজকে (বৃহস্পতিবার) বিভাগ থেকে কয়েক দিনের মধ্যেই ফল প্রকাশের আশ্বাস দিয়েছে। তার প্রেক্ষিতে আমরা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছি।
এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোজাম্মেল হোসেন বকুল বলেন, পরীক্ষার ফল প্রকাশের তথ্য উদ্ধারের জন্য প্রশাসন থেকে একটি কমিটি করে দেওয়া হয়েছিল। সেই কমিটির নির্দেশে প্রক্টরিয়াল বডি এবং মতিহার থানা পুলিশের উপস্থিতিতে তার লকার এবং চেম্বারের তালা ভাঙা হয়। সেখান থেকে মাস্টার্সের নন-থিসিসের ভাইভার ফল এবং সন্ধ্যাকালীন কোর্সের কিছু নথিপত্র পাওয়া গেছে। আশা করি জব্দকৃত তথ্য দিয়ে মাস্টার্সের ফল প্রকাশ করতে পারব।