প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪ ১৪:৩৮ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৪ ১৪:৫৫ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের বেতন ও টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
মঙ্গলবার (২৯ অক্টোবর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বেতন ও টিউশন ফি মওকুফের জন্য কোন প্রক্রিয়া অবলম্বন করতে হবে, তা-ও প্রজ্ঞাপনে জানিয়েছে মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকার জুলাই-আগস্ট ২০২৪-এ ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের (সব সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও বিশ্ববিদ্যালয়) শিক্ষার্থীদের বেতন/টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে। আহত শিক্ষার্থীরা স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান-প্রধানের কাছে চিকিৎসা ব্যবস্থাপত্রসহ এ বিষয়ে আবেদন করবে।
শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ অবিলম্বে আবেদনগুলো যাচাইপূর্বক শিক্ষার্থীদের বেতন/টিউশন ফি মওকুফের ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, আহত শিক্ষার্থীর শিক্ষাজীবনের বর্তমান পর্যায় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বেতন/টিউশন ফি মওকুফের এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠান অবিলম্বে এ সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।