প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪ ১৩:৫৬ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৪ ১৪:৩০ পিএম
সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা । প্রবা ফটো
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার পর মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এর ফলে আশপাশ এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, আমরা যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছি। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কোনো উদ্যোগ না নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে সংস্কার কমিশন গঠন করা হয়েছে। আমরা এ কমিশন প্রত্যাখ্যান করেছি।
বিশ্ববিদ্যালয় কমিশন গঠনের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি বেলা ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ১২টায় শুরু হয়। এক সপ্তাহের বেশি সময় ধরে ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষাসংকট দূর করার জন্য আন্দোলন করছেন সাত কলেজের শিক্ষার্থীরা।
উল্লেখ্য, ২২ অক্টোবর
সাত কলেজ শিক্ষার্থীরা রাজধানীর নীলক্ষেত ও সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন। দুপুর ১২টা
থেকে বিকাল ৩টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি চলে। বিকালে সায়েন্সল্যাব মোড়ে কর্মসূচি
থেকে তিন দফা দাবি জানিয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে সেদিনের
মতো কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়। এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয় সাত কলেজের অ্যাকাডেমিক
ও প্রশাসনিক সমস্যা নিরসনে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করে।
কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, বাঙলা কলেজ, তিতুমীর কলেজ, কবি নজরুল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজ।