বেরোবি
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪ ২৩:৪১ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৪ ২৩:৪২ পিএম
ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
রবিবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বেরোবি ছাত্রদলের সদস্য সচিব রাশেদ মণ্ডল ও আহ্বায়ক মো. আল আমিন ইসলাম স্বাক্ষরিত স্মারকলিপিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকাত আলী বরাবর পাঠানো হয়।
স্মারকলিপিতে বলা হয়েছে, ‘পরিকল্পিতভাবে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার প্রচেষ্টা এবং শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের মতো মর্মান্তিক ঘটনায় আমরা মর্মাহত ও ক্ষুব্ধ। ছাত্ররাজনীতি শিক্ষার্থীদের অধিকার আদায় এবং জাতীয় ইস্যুতে মত প্রকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত। কিন্তু কিছু চক্র পরিকল্পিতভাবে ছাত্ররাজনীতিকে বন্ধ করে শিক্ষার্থীদের কণ্ঠরোধ করার অপচেষ্টা চালাচ্ছে, যা গণতান্ত্রিক অধিকারের ওপর সরাসরি আঘাত।’
পাশাপাশি, শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আহ্বান জানানো হয়েছে স্মারকলিপিতে।