বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪ ১৭:৩৮ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৪ ১৭:৪২ পিএম
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা ক্রেডিট ফি বৃদ্ধির কারণে বাড়তি অর্থনৈতিক চাপে পড়েছেন। শুরুতে এই ক্রেডিট ফি ৭৫ টাকা থাকলেও পরে বেড়ে ১২৫ হয়েছিল। সর্বশেষ আরও বৃদ্ধি পেয়ে ১৫০ টাকা করা হয়েছে। অন্য বিশ্ববিদ্যালয়গুলোর তুলনায় হাবিপ্রবির ক্রেডিট ফি অনেক বেশি বলে অভিযোগ শিক্ষার্থীদের।
খোঁজ নিয়ে জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতি ক্রেডিট ফি দিতে হয় ৭৫ টাকা, খুলনা বিশ্ববিদ্যালয়ে ৮৬ টাকা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৮০ টাকা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১০৫ টাকা, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫০ টাকা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৮০ টাকা, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৭৫ টাকা এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১১০ টাকা দিতে হয়।
বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, প্রতি সেমিস্টারে প্রতিটি ক্রেডিটের জন্য শিক্ষার্থীদের ১৫০ টাকা ফি প্রদান করতে হয়। তিন ক্রেডিটের একটি কোর্সের জন্য ফি হয় ৪৫০ টাকা এবং একাধিক কোর্সের কারণে এ ফি প্রতি সেমিস্টারে ৫ হাজার থেকে ৬ হাজার টাকা পর্যন্ত হয়। শিক্ষার্থীদের মতে, এই অতিরিক্ত খরচ মেটানো তাদের পক্ষে কঠিন হয়ে পড়েছে।
রাকিবুল ইসলাম নামের এক শিক্ষার্থী বলেন, ‘আমরা অনেকেই আর্থিকভাবে সচ্ছল নই। বাড়ি থেকে পড়াশোনার খরচ পাঠানো কষ্টের ব্যাপার। ক্রেডিট ফি বাবদ এই অতিরিক্ত টাকা জোগানো আমাদের জন্য সত্যিই চ্যালেঞ্জিং।’
সুমাইয়া আক্তার নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘আমরা অধিকাংশ শিক্ষার্থীই ক্যাম্পাসের বাইরে মেসে থাকতে বাধ্য হচ্ছি। মেস ভাড়া এবং অন্যান্য খরচ চালাতে এমনিতেই হিমশিম খেতে হয়। তার ওপর এই বাড়তি ফি আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের অধিকাংশই গরিব বা মধ্যবিত্ত পরিবারের সন্তান। পরিবারের ওপর এই বাড়তি ফি নিয়ে চাপ তৈরি হয়। ফি কমানো গেলে ভালো হতো।’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক জাহাঙ্গির কবির বলেন, ‘পূর্বে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতোই ছিল ক্রেডিট ফি। কিন্তু বিগত সময়গুলোতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইউজিসির অনুমোদন সাপেক্ষে ক্রেডিট ফি ১২৫ থেকে ১৫০ করে। যেহেতু ইউজিসি থেকে অনুমোদন করা, তাই আমাদের হাতে নেই।’
অতিরিক্ত ক্রেডিট ফি কমানোর বিষয়ে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মো. এনামুউল্যা বলেন, ‘১৫০ টাকা ক্রেডিট ফি ইউজিসি থেকে অনুমোদিত, আমরা চাইলেও কমাতে পারব না। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্রেডিট ফির পরিসংখ্যানসহ বিষয়টি ইউজিসিতে পাঠাব। পাশাপাশি ক্রেডিট ফি কমিয়ে আনার প্রস্তাব করব।’