বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪ ১৮:০৯ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৪ ১৮:৩০ পিএম
ছবি : সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরও তিন সমন্বয়ক-সহসমন্বয়ক স্বেচ্ছায় ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে তারা নিজেরাই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পদত্যাগকৃত সমন্বয়ক হলেন, বিশ্ববিদ্যালয়ের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী তামীম মোস্তারী এবং সহসমন্বয়ক ৫০তম ব্যাচের আফ্রিদি হাসান ও ৫১তম ব্যাচের হাসান মৃধা। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
এ সময় তারা জানায়, জাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রকাশিত কমিটিতে আমাদের নাম ছিল। আন্দোলনের সময় নিজের নৈতিক জায়গা থেকে আমরা আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম, যেমনটা জাবির অন্যান্য শিক্ষার্থীরা করেছিল। একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আন্দোলনে অংশগ্রহণ ব্যতীত তেমন কোন এক্টিভিটিতে আমরা ছিলাম না। যেহেতু আমরা আমাদের আন্দোলনের প্রধান উদ্দেশ্য অর্জনে সফল হয়েছি, তাই বর্তমান সময়ে এসে আমার এ কমিটিতে থাকার প্রয়োজনীয়তা অনুভব করছি না। তাই স্বেচ্ছায় আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখা থেকে পদত্যাগ করছি।
এর আগে, ১৩ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ৩৮ সদস্য বিশিষ্ট সমন্বয়ক কমিটি গঠন করা হয়।