প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪ ০০:৩৭ এএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৪ ১১:০৯ এএম
ছবি : সংগৃহীত
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীরা প্রতিবারের মতো এবারও পুনর্নিরীক্ষার আবেদন করার সুযোগ পাবেন। এ আবেদন শুরু হয়েছে বুধবার (১৬ অক্টোবর); যা চলবে ২২ অক্টোবর পর্যন্ত।
মঙ্গলবার (১৫ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুধু টেলিটক সিম ব্যবহার করে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। তবে ফল পুনর্নিরীক্ষার আবেদন করতে প্রতি পত্রের জন্য ফি দিতে হবে ১৫০ টাকা।
আবেদনের প্রক্রিয়া
প্রথমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে আবেদন বাবদ কত টাকা লাগবে তা জানিয়ে একটি পিন নম্বর দেওয়া হবে।
পরে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে যোগাযোগের জন্য একটি মোবাইল ফোন নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
ফল পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে একই এসএমএসের মাধ্যমে একাধিক বিষয়ের একাধিক পত্রের জন্য আবেদন করা যাবে। সে ক্ষেত্রে ‘কমা’ দিয়ে বিষয় বা পত্রের কোডগুলো আলাদা করে লিখতে হবে। যেসব বিষয় দুই পত্রের সে ক্ষেত্রে দুটিতেই শিক্ষার্থীদের আবেদন করতে হবে।