এইচএসসি
জয়পুরহাট প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪ ১২:৫৭ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৪ ১৩:২৬ পিএম
এইচএসসি ও সমমান পরীক্ষায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের বিজ্ঞান বিভাগ থেকে ৪৮ শিক্ষার্থী অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। এ ছাড়া মানবিক বিভাগ থেকে দুজন পরীক্ষা দিয়ে তারাও পেয়েছেন জিপিও-৫।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এইচএসসি পরীক্ষায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের পাসের হার শতভাগ। বিজ্ঞান বিভাগ থেকে ৪৮ ক্যাডেটের মধ্যে ৪৮ জন জিপিএ-৫ এবং মানবিক বিভাগ থেকে দুজন জিপিএ-৫ পেয়েছেন।
জয়পুরহাট জেলার মধ্যে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ ফলাফলে শীর্ষস্থান দখল করেছে। রাজশাহী বোর্ডের মধ্যে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ ধারাবাহিকভাবে শীর্ষস্থান দখল করে থাকে। এবারও এর ব্যত্যয় ঘটেনি।
২০০৬ সালে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ১৪টি ব্যাচ পরীক্ষা দিয়েছে। আগের ১৩টি ব্যাচের মতো ১৪তম ব্যাচও আশাব্যঞ্জক ফল অর্জন করেছে। জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ঈর্ষণীয় ফল অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন রেখেছে।