ক্যাম্পাসে বিশ্বকাপ জ্বর
শাহিনা নদী
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২২ ১৩:৫৫ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২২ ১৪:১৫ পিএম
প্রতিটি ম্যাচে প্রিয় দলকে সাপোর্ট করতে সমর্থকরা ভাঙছে গলা, করছেন উল্লাস ছবি : মাহাবুব ইসলাম
দীর্ঘ ৪টি বছরের অপেক্ষার অবসান। গত ২০ নভেম্বর মধ্যপ্রাচ্যের দেশ কাতারে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপের ২২তম আসর ইতোমধ্যে জমে উঠেছে। সারা বিশ্বের ফুটবলপ্রেমী মানুষের সঙ্গে তাল মিলিয়ে ফুটবলের আমেজ ছড়িয়ে পড়েছে বাংলাদেশের আনাচে-কানাচে। আমেজের এই ধারা থেকে বাদ পড়েনি সরকারি তিতুমীর কলেজ প্রাঙ্গণ।
১৬ ফুট বাই ১০ ফুট এলইডি স্ক্রিনে সম্প্রচারিত হচ্ছে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ। এবার কলেজ মাঠে বসেই শিক্ষার্থীরা একজোট হয়ে বড়পর্দায় উপভোগ করছে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ। শুধু কলেজের শিক্ষার্থীরাই নয় আশেপাশে থাকা ফুটবলপ্রেমীরা বন্ধু-বান্ধবদের নিয়ে একসঙ্গে ম্যাচ দেখার আনন্দ উপভোগ করতে ভিড় জমাচ্ছেন তিতুমীর কলেজ প্রাঙ্গণে। শত শত মানুষের আনাগোনায় সরকারি তিতুমীর কলেজের ১৮ একর প্রাঙ্গণ পরিণত হয়েছে বিশ্বকাপের আরেকটি স্টেডিয়ামে। তিতুমীর ক্যাম্পাসের দেয়াল, অলিতে-গলিতে উল্লাসের চিত্র দৃশ্যমান।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ উপভোগ এবং ফুটবলপ্রেমীদের প্রিয় দলকে সমর্থন করার বাড়তি তাড়নায় মুখরিত ক্যাম্পাসের পরিবেশ। প্রতিটি ম্যাচে প্রিয় দলকে সাপোর্ট করতে সমর্থকরা ভাঙছে গলা, করছেন উল্লাস। পুরো মাঠে চায়ের কাপের আড্ডা, হই-হুল্লোড় আর করতালির মনোরম সৌন্দর্য বিরাজমান। বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে চমৎকার এই উন্মাদনার আয়োজক সরকারি তিতুমীর কলেজ ফুটবল দল। সার্বিক সহায়তা করেছে কলেজ শাখা ছাত্রলীগ। এবার বিশ্বকাপের অধিকাংশ ম্যাচ বাংলাদেশ সময় বিকাল ৪টা, সন্ধ্যা ৭টা, রাত ১০টা ও ১টায় অনুষ্ঠিত হবে। ফলে স্বাভাবিকভাবে বিকালে যারা বাইরে হাঁটাহাঁটি করতে পছন্দ করেন তারাও একসঙ্গে অনেকে মিলে ফুটবল ম্যাচ দেখার আনন্দ উপভোগ করতে তিতুমীর কলেজ ক্যাম্পাসে জড়ো হচ্ছেন। সব মিলিয়ে নতুন এক উৎসবের আমেজ বিরাজ করছে তিতুমীর কলেজ প্রাঙ্গণে।
বিশাল এই আয়োজনকে কেন্দ্র করে তিতুমীর কলেজ ফুটবল দলের সভাপতি এম কে হাসান সবুজ বলেন, ‘খেলাধুলা বাড়ায় বল, মাদক ছেড়ে মাঠে চল’ এই স্লোগান নিয়ে এগিয়ে যাচ্ছে তিতুমীর ফুটবল ক্লাব। এ বছর বিশ্বকাপ খেলা সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে দেখছে কলেজ মাঠের এলইডি স্ক্রিনে। এই বিশ্বকাপের এক মাসব্যাপী খেলা কলেজে দেখানো হবে। আক্কাসুর রহমান আঁখি হলের ছেলেরা আগ্রহ এবং উন্মাদনা নিয়ে খেলা দেখছে। সাধারণ শিক্ষার্থীদের মাঝে ঈদের আনন্দের মতো আমেজ বইছে। এখন পর্যন্ত তিতুমীর কলেজ ক্যাম্পাসে কখনও এমন আয়োজন কেউ করেনি।
তিনি বলেন, বিশ্বকাপ আসার পরপরই বিভিন্ন ডিবেট হচ্ছে এই বিশ্বকাপ উন্মাদনা নিয়ে, ব্রাজিল আর্জেন্টিনা সমর্থন নিয়ে। আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে তিতুমীর ফুটবল ক্লাবের সকল খেলোয়াড় বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করছে। এবারের মতো ক্যাম্পাসে কখনও এত আমেজ, উন্মাদনা, ভালোবাসা কোনো বিশ্বকাপেই সাধারণ শিক্ষার্থীরা দেখেনি। শিক্ষার্থীদের এমন ভালোলাগা দেখে আমরা অভিভূত।’