ঢাবি সংবাদদাতাস
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২২ ১১:৪৫ এএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২২ ১১:৫২ এএম
নিহত শিক্ষার্থী লিমন কুমার রায়। প্রবা ফটো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ভবনের বারান্দা থেকে পড়ে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
বুধবার (২৩ নভেম্বর) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।
নিহত শিক্ষার্থীর নাম লিমন কুমার রায়। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি রংপুর।
জগন্নাথ হলের প্রাধ্যক্ষ মিহির লাল সাহা বলেন, ‘১০টার দিকে সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ভবন থেকে নিচে পড়ে যায়। শব্দ শুনে হলের শিক্ষার্থীরা যেখানে ছুটে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷’
এসআই বাচ্চু মিয়া বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।